মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


ঢাকার ৬ রুটে চালু হচ্ছে ‘এক রুট এক কম্পানি’ বাস পরিষেবা
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:৪২ পিএম  (ভিজিট : ২০)
ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট কমাতে ‘এক রুট, এক কম্পানি’ পদ্ধতিতে বাস পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী ১ নভেম্বর থেকে রাজধানীর ছয়টি প্রধান রুটে পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরু হবে। প্রাথমিকভাবে পাঁচটি নন-এসি ও একটি এসি রুটে এ কার্যক্রম চালু হবে।

রবিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আয়োজিত এক সভায় রুট, বাস পরিচালনাকারী প্রতিষ্ঠান, বাসের সংখ্যা ও স্টপেজ নিয়ে আলোচনা হয়। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, দুই মাস পর আরো তিনটি সার্কুলার রুট যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

প্রথম পর্যায়ের ছয়টি রুট হলো গাজীপুর-ঢাকেশ্বরী মন্দির, গাবতলী-ডেমরা, দুয়ারীপাড়া-সদরঘাট, ঘাটারচর-ডেমরা, ঘাটারচর-কাঁচপুর ও মিরপুর-১২-মাওয়া।

এসব রুটে একাধিক পরিবহন প্রতিষ্ঠানকে একীভূত করে যৌথভাবে বাস পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। গাজীপুর-ঢাকেশ্বরী মন্দির রুটে বিকাশ পরিবহন, বিকাশ সেবা ট্রান্সপোর্ট ও ডিভাইস পরিবহন; গাবতলী-ডেমরা রুটে আলিফ এন্টারপ্রাইজ, বৈশাখী পরিবহন ও রইছ পরিবহন দায়িত্ব পালন করবে।

দুয়ারীপাড়া-সদরঘাট রুটে দিশারী, তানজিল, মেট্রো লিংক ও ট্রান্সসিলভা সমন্বিতভাবে বাস চালাবে। ঘাটারচর-ডেমরা ও ঘাটারচর-কাঁচপুর রুটে রমজান, মালঞ্চ, মিডলাইন ও রজনীগন্ধা পরিবহন যৌথভাবে কার্যক্রম পরিচালনা করবে।

মিরপুর-১২-মাওয়া রুটে থাকবে স্বাধীন, বিহঙ্গ, বিকল্প ও শিকড় পরিবহন।
 
ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম বলেন, শিগগিরই এ কার্যক্রম বাস্তবায়ন শুরু হবে।

এদিকে বাসস্টপ চিহ্নিত করা, টিকিট কাউন্টার স্থাপন, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ ও অনুমোদনহীন ব্যাটারিচালিত রিকশা সরিয়ে দিতে ডিএমপি ও দুই সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ডিটিসিএ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]