প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ পিএম
(ভিজিট : ১১)
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লা সীমান্ত এলাকার পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকার চারটি ব্যাটালিয়নের আওতাধীন ১৭৬ টি পূজা মণ্ডপে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আট প্লাটুন বিজিবি রিজার্ভ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কালীবাড়ি মন্দিরের পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।
এ সময় তিনি পূজা উদযাপনকে ঘিরে সকল সম্প্রদায়কে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে উৎসবমুখর পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার নিশ্চয়তা দেন।
সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান বলেন, “শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় বিজিবির বাড়তি নজরদারি থাকবে। পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবির টহল টিমগুলোও মাঠে রয়েছে। নিরাপত্তার পাশাপাশি সীমান্তে চোরাচালান বন্ধেও আমরা সতর্ক অবস্থানে রয়েছি।
উৎসবকে ঘিরে নিরাপত্তার পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন ফোরামের সভাপতি বাবু তাপস কুমার চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।