বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে চিঠি লিখন উৎসব ও ডাকটিকিট প্রদর্শনী অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৯ পিএম  (ভিজিট : ১৮)
আধুনিক প্রযুক্তির ভিড়ে হারিয়ে যাওয়া চিঠির ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে দিতে কুমিল্লা ডাক বিভাগের আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিগ্রি শাখায় অনুষ্ঠিত হয়েছে চিঠি লিখন উৎসব। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাস হৃদয়ে বাংলাদেশ চত্তরে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার ভূঁইয়া। উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

তরুণ প্রজন্মের কাছে চিঠি লেখার ঐতিহ্য তুলে ধরা,  ডাকটিকিটের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করা এবং ডাক সেবার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ উৎসব ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ তরিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ সোহরাব হাসান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিবুবুল হক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মনসুর হেল্লাল, কুমিল্লা প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল, মো: মনিরুল ইসলাম, ডাক জীবন বীমা কুমিল্লা শাখার এজিএম (ফিল্ড) অতিরিক্ত দ্বায়িত্ব মোঃ আব্দুল হালিম, কুমিল্লা পোস্টাল ডিভিশনের সুপারিনটেনডেন্ট আলী আমজাদ খান, পোস্টাল ডিভিশনের পরিদর্শক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ রাসেল, কুমিল্লা প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার (প্রশাসন) আ. ম ইউনুস খান, পরিদর্শক (শহর) আমিনুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: হান্নান শাহ সহ ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, ডিজিটাল যোগাযোগব্যবস্থার ব্যাপক প্রসার ঘটলেও মানুষের দৈনন্দিন জীবনে ডাক বিভাগের গুরুত্ব এখনো রয়েছে। সময়ের সঙ্গে ডাক বিভাগ নিজেদের সেবায় পরিবর্তন এনেছে এবং নতুন নতুন সেবা যুক্ত করেছে। তবে প্রচারণার অভাবে অনেকেই এসব সেবা সম্পর্কে জানেন না। তাই সময়োপযোগী প্রচারণার মাধ্যমে ডাক বিভাগের সেবাগুলো মানুষের কাছে তুলে ধরা প্রয়োজন।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল প্রিয়জনের কাছে চিঠি লেখা ও পাঠানোর সুযোগ। মাত্র ১২ থেকে ২২ টাকায় বিশেষ ডাকসেবার মাধ্যমে চিঠি পাঠান শিক্ষার্থীরা। প্রযুক্তিনির্ভর যোগাযোগের সময়ে কাগজ-কলমে মনের কথা প্রকাশের এ সুযোগে অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যায় আগ্রহ ও আবেগ।

চিঠি লেখার পাশাপাশি উৎসবে ছিল ডাকটিকিট ও ডাক বিভাগের বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী। প্রদর্শনীতে ১, ২, ৩, ৪, ৫, ১০ ও ২০ টাকা মূল্যমানের ঐতিহ্যবাহী ও স্মারক ডাকটিকিট স্থান পায়। তরুণ প্রজন্মকে ডাকটিকিটের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতেই এ আয়োজন করা হয়। বিভিন্ন স্টলে বিক্রি করা হয় ডায়েরি, ক্যালেন্ডার এবং ছোট-বড় লেটার বক্স।

এ ছাড়া পোস্টার ও ব্যানারের মাধ্যমে অভ্যন্তরীণ ডাক, রেজিস্ট্রি চিঠি, স্পিড পোস্ট, পার্সেল, বৈদেশিক ডাক, সঞ্চয় হিসাব ও সঞ্চয়পত্র এবং ডাক বিভাগের নগদ সেবা সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]