প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:১০ এএম
(ভিজিট : ১২)
গাজীপুরের কালীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে বক্তারপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, ইউপি সদস্য আখিঁ মোতালিব, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিজুল ইসলাম দর্জি, সাধারণ সম্পাদক মাসুদুল কবির নাঈম, কার্যক্রমের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জানান, ফ্যামিলি কার্ড বাংলাদেশ সরকারের একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এ কর্মসূচির আওতায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে একটি সমন্বিত ডাটাবেজের আওতায় এনে সরাসরি আর্থিক সহায়তা ও ভর্তুকি মূল্যে খাদ্যসামগ্রী প্রদানের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, এ কার্যক্রমের ধারাবাহিকতায় সোমবার থেকে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেরুয়া গ্রামে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাবলেট ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন।