প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
(ভিজিট : ১৪)
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।
আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং এ বিষয়ে জনসাধারণ ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, আগাম সতর্কবার্তার ভিত্তিতে দুর্যোগ আঘাত হানার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা যায়। এ জন্য দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা অনুপ কুমার সিংহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, জনস্বাস্থ্য কর্মকর্তা আবুল হোসেন আকাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আকন্দ, ফায়ার সার্ভিসের সাব-অফিসার আবু বকর এবং ফায়ার ফাইটার মাহফুজ, সাকিব, রাবিদ, মামুন ও ফারুক।
এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।