দীর্ঘদিন ধরে ক্যান্সাসারের সঙ্গে লড়াই করছেন মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই উপস্থাপিকা শনিবার রাতে নিজের শারীরিক অবস্থার খবর জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাসপাতালের শয্যা থেকে দেওয়া তার বার্তায় উঠে এসেছে কষ্টের পাশাপাশি সুস্থ হয়ে ফেরার দৃঢ় প্রত্যয়।
হাসপাতালে তোলা একটি ছবি প্রকাশ করে সামিয়া লেখেন, ‘আমার তৃতীয় কেমো শেষ হলো।’
এরপর নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে তিনি লেখেন, ‘আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব। আমার একটাই প্রার্থনা, আমার শরীরে যেন আর কখনো ক্যান্সার বাসা বাঁধতে না পারে।’
অক্টোবর ক্যান্সার সচেতনতার মাস। সেই প্রসঙ্গ টেনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদেরও নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সামিয়া। তিনি লেখেন, ‘নিজের শরীরের প্রতি সচেতন হোন। অস্বাভাবিক কোনো পরিবর্তন অবহেলা করবেন না; সময়মতো স্ক্রিনিং ও নিয়মিত চেকআপ করুন। কারণ প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।’
নিজের যত্ন নেওয়া এবং সচেতন থাকাই নিজের প্রতি আসল ভালোবাসা—এই বার্তাও দিয়েছেন তিনি।
সামিয়ার এই পোস্টের পর তার জন্য প্রার্থনা করছেন ভক্ত ও শোবিজ অঙ্গনের সহকর্মীরা। মন্তব্যের ঘরে মৌসুমী নাগ, নিপুণ আক্তার, জাকিয়া বারী মম, শাহনাজ খুশী, দীপা খন্দকার, তানভীন সুইটি, ফাহমিদা নবীসহ অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও ভালোবাসার বার্তা দিয়েছেন।
জানা গেছে, প্রায় পাঁচ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন সামিয়া আফরিন।
২০২২ সালের এপ্রিলে তার কোলন ক্যান্সার শনাক্ত হয়। সে সময় সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে স্বাভাবিক জীবনে ফেরেন তিনি।
তবে চলতি বছরে নতুন করে তার শরীরে ডিম্বাশয়ের ক্যানসার শনাক্ত হয়। সম্প্রতি অস্ত্রোপচারের পর বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন এই উপস্থাপিকা।
এর আগে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ায় মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন সামিয়া। সেই সময়ের ছবি প্রকাশ করে জীবনের এই পরিবর্তনকে ইতিবাচকভাবেই গ্রহণ করার কথা জানিয়েছিলেন তিনি।