বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


একই দিনে স্টার সিনেপ্লেক্সে ‘ডিগার’ ও নতুন ‘রেসিডেন্ট ইভিল’
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ পিএম  (ভিজিট : ৯)
আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের দুই আলোচিত সিনেমা—টম ক্রুজ অভিনীত ‘ডিগার’ এবং ‘রেসিডেন্ট ইভিল’। আগামী ২ অক্টোবর থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে সিনেমা দুটি।

আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত ‘ডিগার’ সিনেমাটি মুক্তির আগে থেকেই আলোচনায় রয়েছে। বিশেষ করে সিনেমাটিতে টম ক্রুজের সম্পূর্ণ ভিন্ন চেহারা ও চরিত্র দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। ধূসর-সাদা চুল, বড় ভুঁড়ি, বলিরেখায় ভরা মুখ এবং ভিন্ন শরীরী ভাষায় পর্দায় দেখা যাবে এই হলিউড তারকাকে।

চার দশকের বেশি সময় ধরে অ্যাকশন সিনেমার পরিচিত মুখ টম ক্রুজ। ‘টপ গান’ ও ‘মিশন: ইম্পসিবল’ সিরিজে তাঁকে সাধারণত অদম্য ও আত্মবিশ্বাসী নায়কের চরিত্রে দেখা গেছে। তবে ‘ডিগার’-এ সেই পরিচিত ইমেজ থেকে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সিনেমাটিতে টম ক্রুজ অভিনয় করেছেন ডিগার রকওয়েল নামের এক প্রভাবশালী ধনকুবেরের চরিত্রে। তার প্রতিষ্ঠানের একটি প্রকল্পের কারণে গ্রিনল্যান্ডের একটি বিশাল হিমবাহ সরে যেতে শুরু করে। ধীরে ধীরে সেই ঘটনা বৈশ্বিক জলবায়ু সংকটে রূপ নেয়। পরিস্থিতির প্রভাব পরিবেশের পাশাপাশি রাজনৈতিক ও আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।

তবে পরিস্থিতির গুরুত্ব শুরুতে উপলব্ধি করতে চান না ডিগার। সংকট ঘনীভূত হওয়ার পরও তিনি নিজের ভাবমূর্তি ও ব্যবসায়িক স্বার্থকে গুরুত্ব দিতে থাকেন। একপর্যায়ে নিজেকেই মানবজাতির ত্রাতা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টায় নামেন তিনি। হাস্যরস ও ব্যঙ্গের মধ্য দিয়ে জলবায়ু সংকট, করপোরেট লোভ এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মতো বিষয় তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

দুইবারের অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতুর পরিচালনায় নির্মিত ‘ডিগার’কে একটি ব্ল্যাক কমেডি হিসেবে উপস্থাপন করা হয়েছে। ‘বার্ডম্যান’ ও ‘দ্য রেভেন্যান্ট’-এর মতো সিনেমা নির্মাণের পর এবার ভিন্নধর্মী গল্প নিয়ে হাজির হয়েছেন এই মেক্সিকান পরিচালক।

অন্যদিকে একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে হরর ঘরানার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘রেসিডেন্ট ইভিল’-এর নতুন সিনেমা। জাপানি গেম নির্মাতা প্রতিষ্ঠান ক্যাপকমের জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে হলিউডে ২০০২ সালে শুরু হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি। পরবর্তী সময়ে এটি একাধিক সিনেমার সফল সিরিজে পরিণত হয়।

জ্যাক ক্রেগার পরিচালিত নতুন ‘রেসিডেন্ট ইভিল’ আগের সিনেমাগুলোর সরাসরি সিক্যুয়েল নয়। এটি মূলত নতুন করে শুরু করা একটি রিবুট গল্প, যেখানে ভিডিও গেমের সারভাইভাল-হরর আবহকে গুরুত্ব দেওয়া হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন অস্টিন আব্রামস, জ্যাক চেরি, কলি রেইস ও পল ওয়াল্টারসহ অনেকে।

গল্পের কেন্দ্রীয় চরিত্র ব্রায়ান একজন মেডিকেল কুরিয়ার। সাধারণ একটি ডেলিভারি করতে গিয়ে সে ভয়াবহ এক বিপর্যয়ের মধ্যে পড়ে। প্রাণঘাতী সংক্রমণ ও দানবীয় প্রাণীদের উপস্থিতিতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রশিক্ষিত সৈনিক বা বিশেষ ক্ষমতাসম্পন্ন কেউ না হওয়ায় বেঁচে থাকার জন্য ব্রায়ানকে নিজের বুদ্ধি ও সীমিত সরঞ্জামের ওপর নির্ভর করতে হয়।

গল্পটি রাকুন সিটির ভয়াবহ বিপর্যয়ের সময়কে ঘিরে তৈরি। ‘রেসিডেন্ট ইভিল ২’ গেমের সময়কাল থেকে অনুপ্রেরণা নেওয়া হলেও এটি গেমটির সরাসরি সিনেমাটিক পুনর্নির্মাণ নয়। বরং একই বিপর্যয়ের রাতে শহরের অন্য অংশে একজন সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইকে কেন্দ্র করে গল্প এগিয়েছে।

পরিচালক জ্যাক ক্রেগার জানিয়েছেন, তিনি এমন একটি অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছেন, যাতে দর্শকদের মনে হয় তারা নিজেরাই ‘রেসিডেন্ট ইভিল’ গেমের ভেতরে ঢুকে পড়েছেন। ২০২২ সালে ‘বারবারিয়ান’ সিনেমা পরিচালনার মাধ্যমে পরিচিতি পাওয়া ক্রেগারের জন্য এটিও বড় পরিসরের হরর সিনেমা হিসেবে সামনে এসেছে।

‘রেসিডেন্ট ইভিল’ গেম সিরিজের দীর্ঘদিনের ভক্তদের জন্য নতুন সিনেমাটিতে গেমের মূল সারভাইভাল-হরর আবহ ফিরিয়ে আনার চেষ্টা বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে। অন্যদিকে ‘ডিগার’-এ টম ক্রুজের সম্পূর্ণ ভিন্ন রূপ ও ইনারিতুর নির্মাণশৈলী—দুই সিনেমাকেই ২ অক্টোবরের আন্তর্জাতিক মুক্তির সঙ্গে বাংলাদেশের দর্শকদের সামনে নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]