মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:০১ পিএম  (ভিজিট : ১৩)
বলিউড তারকা আমির খান আবারও জাপানের প্রেক্ষাগৃহে ফিরছেন। প্রায় ৯ বছর পর দেশটির সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘সিতারে জমিন পার’। ২০২৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি জাপানে মুক্তি পাবে ২০২৭ সালের বসন্তে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, জাপানি পরিবেশক গিক পিকচার্স  গত ২৫ সেপ্টেম্বর সিনেমাটির জাপান মুক্তির ঘোষণা দিয়েছে। সেখানে সিনেমাটি ‘সিতারে! দ্য মিরাকল টিম অব স্টারডাস্ট’ নামে মুক্তি পাবে। জাপানের হিউম্যান ট্রাস্ট সিনেমা ইউরাকুচো, ইয়েবিসু গার্ডেন সিনেমা-সহ আরো কয়েকটি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো হবে।

জাপানে আমির খানের অভিনীত সর্বশেষ সিনেমা হিসেবে ‘দঙ্গল’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। তবে ২০১৯ সালের আগস্টে তার প্রযোজিত ‘সিক্রেট সুপারস্টার’-ও জাপানের দর্শকদের কাছে পৌঁছেছিল। ফলে ‘সিতারে জমিন পার’ হবে নয় বছর পর দেশটিতে আমির খানের অভিনীত নতুন কোনো সিনেমার প্রেক্ষাগৃহে মুক্তি।

‘সিতারে জমিন পার’ নামটি আমির খানের ২০০৭ সালের জনপ্রিয় সিনেমা ‘তারে জমিন পার’-এর কথা মনে করিয়ে দেয়।

তবে এটি ওই সিনেমার সরাসরি সিক্যুয়েল নয়। গল্প ও আবেগের দিক থেকে সিনেমাটিকে ‘তারে জমিন পার’-এর আধ্যাত্মিক উত্তরসূরি বলা হয়।
আর. এস. প্রসন্ন পরিচালিত সিনেমাটি ২০১৮ সালের স্প্যানিশ কমেডি সিনেমা ‘চ্যাম্পিয়নস’-এর ভারতীয় রিমেক।

সিনেমায় আমির খান অভিনয় করেছেন গুলশান নামের এক সাবেক বাস্কেটবল খেলোয়াড়ের চরিত্রে। ক্যারিয়ারে ব্যর্থতার পাশাপাশি বেপরোয়া আচরণের কারণে এক সময় সমস্যায় পড়তে হয় তাকে।

এমনকি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় তাকে সামাজিক সেবামূলক কাজের সাজাও পেতে হয়।
সেই সাজা হিসেবে তাকে একটি বাস্কেটবল দলের কোচের দায়িত্ব দেওয়া হয়। দলের সদস্যরা সবাই প্রতিবন্ধী প্রাপ্তবয়স্ক। শুরুতে গুলশানের কাছে কাজটি ছিল শুধুই শাস্তির অংশ। কিন্তু ধীরে ধীরে দলের খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্ক বদলাতে থাকে।

দলের সঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে সাফল্য, ব্যর্থতা এবং জীবনের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি নিয়েও নতুন করে ভাবতে শুরু করে গুলশান। হাসি, আবেগ ও মানবিক সম্পর্কের মধ্য দিয়ে এগিয়েছে সিনেমার গল্প।

সিনেমাটির অন্যতম আলোচিত বিষয় ছিল অভিনয়শিল্পীদের নির্বাচন। দলের ১০ সদস্যের চরিত্রে অভিনয় করেছেন বাস্তব জীবনেও প্রতিবন্ধী ১০ জন নতুন অভিনয়শিল্পী। দীর্ঘ অডিশন প্রক্রিয়ার মাধ্যমে তাদের নির্বাচন করা হয়।

বক্স অফিসেও সিনেমাটি উল্লেখযোগ্য সাড়া পেয়েছে। ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের হিসাবে, ‘সিতারে জমিন পার’ বিশ্বব্যাপী প্রায় ২৬৭.৫২ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে ভারতে আয় প্রায় ২০০.৭৭ কোটি এবং বিদেশের বাজার থেকে ৬৬.৭৫ কোটি রুপি। ভারতে সিনেমাটির নেট আয় ছিল প্রায় ১৬৭.৪৬ কোটি রুপি।

২০২৭ সালের বসন্তে জাপানে মুক্তির পর আমির খানের এই সিনেমা দেশটির দর্শকদের কাছে কেমন সাড়া পায়, এখন সেটিই দেখার বিষয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]