বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৮ পিএম  (ভিজিট : ১২)
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে।

এরপর কুড়িকৃবি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রায়হাত ও সামিয়া কাদেরীর সঞ্চালনায় এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোছা. নুর মহল আখতার বানুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।

আলোচনা সভার শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অগ্রগতি, শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম বলেন, ২০২১ সালে প্রতিষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আজ ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। তিনি ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দুটি ব্যাচ নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের দুটি অনুষদে তিনটি ব্যাচে মোট ২৪০ জন শিক্ষার্থী রয়েছে।

তিনি বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও একাডেমিক কার্যক্রমের জন্য অস্থায়ী ভাড়া করা ভবন ব্যবহার করা হচ্ছে। শিক্ষার্থীদের আবাসনের জন্যও ভাড়া করা আবাসিক ভবন ব্যবহার করা হচ্ছে। তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের আবাসনের জন্য ভবন নির্ধারণের কাজ শেষ হয়েছে এবং সেটিও শিগগির চালু করা হবে।
উপাচার্য বলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য জায়গা নির্ধারণে গণমাধ্যমকর্মীসহ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠিত হলে শিক্ষার্থীরা আরও ভালো পরিবেশে কৃষিশিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হওয়ার পাশাপাশি কুড়িগ্রামের কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের জন্য ই-লাইব্রেরির উদ্বোধন করা হয়। ই-লাইব্রেরিতে শিক্ষার্থীরা অনলাইনে বিভিন্ন পর্যায়ের বই ও শিক্ষাসামগ্রী উন্মুক্তভাবে পড়ার সুযোগ পাবেন। প্রয়োজন হলে সেগুলো প্রিন্ট করেও পড়তে পারবেন। প্রাথমিকভাবে ই লাইব্রেরিতে প্রায় ২৫০০টি বই যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে এর সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান সংশ্লিষ্টরা।

ই-লাইব্রেরি নিয়ে মৎস্য অনুষদের শিক্ষার্থী ফিরোজ আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে ই-লাইব্রেরি চালু হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ আরও সহজ হয়েছে। বিভিন্ন বিষয়ের বই ও শিক্ষাসামগ্রী অনলাইনে পাওয়া যাবে। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী পড়াশোনা করতে পারবেন।

মৎস্য অনুষদের শিক্ষার্থী কুশরাত জাহান মাইশা বলেন, ই-লাইব্রেরি চালু হওয়া শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশেষ করে যেসব বই সবসময় হাতে পাওয়া যায় না, সেগুলো অনলাইনে পড়ার সুযোগ থাকায় শিক্ষার্থীরা উপকৃত হবেন। ভবিষ্যতে ই-লাইব্রেরিতে আরও বেশি বই ও গবেষণামূলক উপকরণ যুক্ত হবে বলে আশা করেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে পরে কুড়িগ্রাম প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টাসহ শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে আম, পেয়ারা ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহঃ হুমায়ুন কবির, কুড়িগ্রাম প্রতিবন্ধী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলমুন নাহারসহ বিদ্যালয়ের শিক্ষকরা।

পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়।
দিনব্যাপী নানা কর্মসূচির পর ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]