মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


লংমার্চের মধ্যেই বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩২ পিএম  (ভিজিট : ১৫)
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির মধ্যেই দলটির ৩৪ সংসদ সদস্য বিদেশ সফরে রয়েছেন। ১৭ দিনের এ সফরে তাঁদের অনেকের সঙ্গে পরিবারের সদস্যরাও রয়েছেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, এটি পূর্বপরিকল্পিত সফর। দলের পরিকল্পনার অংশ হিসেবেই সংসদ সদস্যদের এ সফরের আয়োজন করা হয়েছে। দলটির নেতারা এটিকে প্রশিক্ষণমূলক বা শিক্ষামূলক সফর হিসেবে উল্লেখ করেছেন।

জামায়াত-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সফরকারী ৩৪ এমপির মধ্যে ২৫ থেকে ২৬ জন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়েছেন। তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সাবেক এমপি মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানও রয়েছেন। সব মিলিয়ে সফরকারী দলের সদস্য সংখ্যা প্রায় ৭০ জন।

গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুই দফায় সফরকারী দলের সদস্যরা মালয়েশিয়ায় পৌঁছান। সেখানে কয়েক দিন অবস্থানের পর ১৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান তারা। পরে ফিলিপাইনে পৌঁছেছেন। ফিলিপাইন থেকে বাহরাইন হয়ে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের পর ৩০ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে সফরকারীদের।

মালয়েশিয়া সফরে জামায়াতের এমপিদের সঙ্গে দেশটির সাবেক শিক্ষামন্ত্রী ও কেদিলান রাকাইয়াতের আন্তর্জাতিকবিষয়ক ব্যুরোর প্রধান মাসজলি মালিকের সাক্ষাৎ হয়। বৈঠকে রাজনৈতিক দলগুলোর চ্যালেঞ্জ, জনপ্রতিনিধিদের স্বচ্ছতা, জবাবদিহি ও জনগণের কথা শোনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সিঙ্গাপুর সফরে জামায়াতের এমপিরা নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি পরিদর্শন করেন। সেখানে একটি সিম্পোজিয়ামেও অংশ নেন তারা। সিঙ্গাপুরের উন্নয়ন ও দেশটির বর্তমান অবস্থানে পৌঁছানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে সফরসংশ্লিষ্টরা জানিয়েছেন।

সফরের উদ্দেশ্য সম্পর্কে ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন বলেন, অনেক সংসদ সদস্যের আগে বিদেশে যাওয়ার সুযোগ হয়নি। বিভিন্ন দেশের ইতিহাস, উন্নয়ন, অর্থনৈতিক অবস্থা ও অগ্রগতির অভিজ্ঞতা থেকে শেখার জন্য এ সফর আয়োজন করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকারকেও সফর সম্পর্কে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

সফরকারী দলের সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, সফরের পরিকল্পনা আগে করা হলেও সংসদের তৃতীয় অধিবেশনের কারণে তা পিছিয়ে যায়। নতুন সংসদ সদস্যদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করাই এ সফরের অন্যতম উদ্দেশ্য বলে তিনি জানান।

অন্যদিকে, দলের আরেক সংসদ সদস্য শেখ মনজুরুল হক দ্য ডেইলি স্টারকে বলেছেন, এটি মূলত ব্যক্তিগত বা দলগত সফর; কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক সফর নয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমও জানিয়েছেন, এটি দলীয় আনুষ্ঠানিক সফর নয়, তবে দল সফরটির বিষয়ে অবগত।

এদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ বিভিন্ন দাবিতে ধারাবাহিক লংমার্চ কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির সময়েই সংসদ সদস্যদের বিদেশ সফর হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেলের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দলের পরিকল্পনার অংশ হিসেবে এর আগেও অনেক সদস্য বিদেশ সফর করেছেন। বর্তমান সফরও সেই ধারাবাহিকতার অংশ, তবে এবার বিশেষভাবে সংসদ সদস্যদের জন্য এ সফরের পরিকল্পনা করা হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]