রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীর গণসংযোগ
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ এএম  (ভিজিট : ৪১)
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে গণসংযোগ ও মতবিনিময় করেছেন বিএনপির নিউ মার্কেট থানার সাবেক সাধারণ সম্পাদক হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। এর আগে তিনি দুইবার কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে জানান।

শুক্রবার নিউ মার্কেট থানার কাঁটাবন ঢাল এলাকার মসজিদে মুনাওঅরে মুসল্লিদের সঙ্গে একসঙ্গে জুমার নামাজ আদায় করেন ও নামাজ শেষে মুসল্লিদের সাথে মতবিনিময় করেন জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন।

মতবিনিময় শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাঁটাবন ঢাল হয়ে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় যান তিনি। পরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে গিয়ে কোয়ার্টারের বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।

গণসংযোগের শেষ পর্যায়ে এলিফ্যান্ট রোডের স্টার কাবাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী।

পথসভায় জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী বলেন, “আমি হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। এর আগে ঢাকা নিউ মার্কেট থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডে দুইবার কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করেছি। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে আমার আপত্তি ছিল। সে সময়ের নির্বাচনী পরিস্থিতির কারণে আমি নির্বাচিত হতে পারিনি বলে মনে করি। নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক হলে আমি বিপুল ভোটে জয়ী হতাম—এমন বিশ্বাস আমার রয়েছে।”

তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, বর্তমানে বিএনপি সরকারের সময়ে অতীতের মতো এবারও যদি আমি দলের মনোনয়ন নিয়ে কাউন্সিলর নির্বাচন করতে পারি, তাহলে জনগণের ভোটে বিপুল ভোটে বিজয়ী হব।”

জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী বলেন, “আওয়ামী লীগ আমলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থেকেছি এবং বিএনপির নেতাকর্মীদের উদ্বুদ্ধ রেখে রাজনীতি করে গিয়েছি।”

তিনি বলেন, “এখন আবার ২০২৭ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আমি একজন কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে জনগণের সেবা করতে চাই। আমি বিএনপির আদর্শে বিশ্বাস করি এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে রাজনীতি করতে চাই ও করে এসেছি।”

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মাগফিরাত কামনা করেন জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। একই সঙ্গে বিএনপির বর্তমান নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এবং করে যেতে চাই, যাতে বর্তমান সরকার একটি সুসংগঠিত রাষ্ট্র গঠন করতে পারে এবং জনকল্যাণে কাজ করতে পারে। এই কাজের অংশীদার ও সহযোগী হিসেবে আমরাও কাজ করে যেতে চাই।”

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে ১৮ নম্বর ওয়ার্ডের মানুষকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী বলেন, নিউ মার্কেট থানা এলাকার মানুষের পাশে থেকে সম্মিলিতভাবে কাজ করতে চান তিনি।

অতীতের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি দাবি করেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ও সন্ত্রাসীরা তাদের রাজপথের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিয়েছিল।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, আমরা সবার প্রতি সহনশীলভাবে আচরণ করে যাব এবং দলমত নির্বিশেষে সকলের পাশে থাকব।”

তবে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে কেউ রাজপথে নেমে অন্যায়ভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে অতীতে আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে ছিলেন—এমন ব্যক্তিদের কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডে না জড়ানোর আহ্বান জানান জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমরা একসঙ্গে রাজনীতি করেছি, একসঙ্গে থাকব এবং আপনাদের নিয়ে ১৮ নম্বর ওয়ার্ডের মানুষের উন্নয়নে কাজ করে যাব। এই সহযোগিতা আপনারা আমাকে করবেন।”

পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুক্রবারের গণসংযোগ ও পথসভা শেষ করেন ১৮ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]