প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২২ পিএম
(ভিজিট : ৬৩)
যুবদলের হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ এবং চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতাদের সঙ্গে বিএনপি ও যুবদলের কোনো নেতা-কর্মীকে যোগাযোগ বা সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত না থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে যুবদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রেস রিলিজের মাধ্যমে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
তবে কেন্দ্রীয় কমিটির এমন নির্দেশনার পরও নিষিদ্ধ ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে নিউমার্কেট থানা যুবদলের আহ্বায়ক মিজান বেপারীর মিছিল-মিটিং করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
দলের হাই কমান্ড যেখানে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা দিয়েছে, সেখানে ওই নির্দেশনা উপেক্ষা করে মিছিল-মিটিং করার মাধ্যমে কী বার্তা দেওয়া হচ্ছে—এমন প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ড দলের কেন্দ্রীয় নির্দেশনার প্রতি অবজ্ঞার শামিল এবং এর ফলে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের প্রশ্রয় পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়ার কারণে নিউমার্কেট থানা যুবদলের আহ্বায়ক মিজান বেপারীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় নির্দেশনা লঙ্ঘনের অভিযোগটি দলীয়ভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সাধারণ মানুষের আশঙ্কা, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে—এমন ব্যক্তিরা যদি কোনোভাবে যুবদলের সাংগঠনিক কার্যক্রমে প্রভাব বিস্তার করতে পারেন, তাহলে এতে বিএনপির ভাবমূর্তি ও সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দলের হাই কমান্ডের নির্দেশনা বাস্তবায়ন এবং অভিযোগের বিষয়ে নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।