প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫০ এএম
(ভিজিট : ১৪)
গাজীপুরের কালীগঞ্জে শিক্ষার অবকাঠামোগত উন্নয়নে পাঁচটি বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় সোয়া ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব ভবন শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌরসভার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়, বাহাদুরসাদী ইউনিয়নের জুগলী উচ্চ বিদ্যালয় এবং জামালপুর ইউনিয়নের জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ ও চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্মিত চারতলা নতুন একাডেমিক ভবনগুলোর উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এসব ভবনের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ. কে. এম. ফজলুল হক মিলন এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে এ. কে. এম. ফজলুল হক মিলন এমপি বলেন, “বর্তমান যুগে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে কালীগঞ্জের নতুন প্রজন্ম দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম ও আশরাফী হাবিবুল্লাহ, সাবেক পৌর মেয়র মো. লুৎফুর রহমান, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, সদস্য সচিব ইব্রাহিম প্রধান এবং সদস্য সালাহ্ উদ্দিন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।