প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৩ এএম
(ভিজিট : ১২)
ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারত। এর মধ্যে একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বঙ্গোপসাগরীয় বহু-খাতভিত্তিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ (বিমসটেক)-এর সভাপতি হিসেবে।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না—এ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা সম্পর্কে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশকে দুটি পৃথক আমন্ত্রণ দেওয়া হয়েছিল। একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য, অন্যটি বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগের এক ব্রিফিংয়েও বলা হয়েছিল, বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশকে ১৮তম ব্রিকস সম্মেলনের ‘আউটরিচ’ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছিল। গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক জোটের প্রতিনিধিরা অংশ নেন।
তবে সম্মেলন নিয়ে এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এককভাবে ব্রিকস শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। বাংলাদেশের এই বক্তব্যের পরই নয়াদিল্লির পক্ষ থেকে আমন্ত্রণের বিষয়টি ব্যাখ্যা করা হলো।
এর আগে গত সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের জানিয়েছিলেন, তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল।
তবে রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক বক্তব্যে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও আলাদাভাবে দেওয়া হয়েছিল। ভারত গত ফেব্রুয়ারি মাসেই তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিল বলে জানান তিনি।