সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ পিএম  (ভিজিট : ১১)
বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত, পোস্ট কাঁপানো সেভ আর মাত্র ১২১ সেকেন্ডের ব্যবধানে ম্যাচের রং বদলে যাওয়ার নাটকীয়তা! ইংলিশ প্রিমিয়ার লিগে স্টেডিয়াম অব লাইটে রোমাঞ্চকর এক লড়াইয়ে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল। লিগে টানা চার জয়ে গানারদের ঝুলিতে এখন পূর্ণ ১২ পয়েন্ট।

ম্যাচের প্রথমার্ধ ছিল বেশ মন্থর। ডেভিড রায়াকে যেমন বড় কোনো পরীক্ষার মুখে পড়তে হয়নি, তেমনি ধারহীন ছিল আর্সেনালের আক্রমণভাগও। তবে বিরতির পর গিমারায়েস মাঠে নামতেই দৃশ্যপট পুরোপুরি বদলে যায়।

ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্তটি আসে ৫৪ মিনিটে।

সান্ডারল্যান্ডের একটি দূরপাল্লার থ্রো-ইনের সময় তাদের সেন্টার ব্যাক বালার্ড ডি-বক্সের ভেতর এজরি কোনসার সাথে সংঘর্ষে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বিতর্ক উসকে দিয়ে সাথে সাথেই পেনাল্টির বাঁশি বাজান ফিল্ড রেফারি জন ব্রুকস।
৫৬ মিনিটে গ্যালারিতে যখন স্বাগতিক সমর্থকদের উদযাপনের প্রস্তুতি, ঠিক তখনই পোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়ান ডেভিড রায়া। লে ফির রকেটের গতির নিচু শটটি বাঁদিকে অবিশ্বাস্য এক ডাইভ দিয়ে রুখে দেন এই স্প্যানিশ গোলরক্ষক।

বল তার গ্লাভস স্পর্শ করে পোস্টে লেগে ফেরত আসলে নিশ্চিত পতন থেকে বাঁচে আর্সেনাল। 
রায়ার সেই অতিমানবীয় সেভের ঠিক ১২১ সেকেন্ড পর সান্ডারল্যান্ডের গ্যালারিকে স্তব্ধ করে দেয় গানাররা। ডেকলান রাইসের বাড়ানো ছোট পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার এক দূরন্ত শটে জাল কাঁপান ব্রুনো গিমারায়েস। আর তাতেই আর্সেনালের জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পান এই ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের শেষভাগেও সান্ডারল্যান্ডের একাধিক আক্রমণ শক্ত হাতে নস্যাৎ করেন রায়া।

তবে ব্যবধান ১-০ রেখেই সন্তুষ্ট হতে চাননি বুকায়ো সাকা। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ডি-বক্সে বিপজ্জনকভাবে ঢুকে পড়ে পেনাল্টি আদায় করে নেন তিনি। সাকাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সান্ডারল্যান্ডের রেইনিলডো মান্দাভা। ম্যাচের একদম শেষ কিকে সাকার নেওয়া নিচু ও কোনাকুনি শট গোলরক্ষক রোয়েফসের হাত ছুঁয়ে জালে জড়িয়ে গেলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]