প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩১ পিএম
(ভিজিট : ৬)
বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দলের জয়রথ ছুটছেই। জুনিয়র এশিয়া কাপ হকিতে এবার কাজাখস্তানকে হারিয়ে হ্যাটট্রিক জয় পেয়েছে।
প্রতিপক্ষকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে চায়নিজ তাইপে ও পাকিস্তানকে হারায় বাংলাদেশ।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন সারিকা। বিরতিতে যাওয়ার আগে ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিজা।
আক্রমণ-প্রতি আক্রমণ হলেও দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। শেষ কোয়ার্টারে আবারো জোড়া গোল পায় বাংলাদেশ।
চতুর্থ কোয়ার্টারের ৪৬ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করেন লিমা।
এরপর ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন সারিকা। তাতে ৪-০ গোলের জয়ে হাসিমুখে মাঠ ছাড়ে বাংলাদেশ।
টানা তিন জয়ে চ্যালেঞ্জার পুলে ৯ পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে বাংলাদেশ। আগামীকাল নিজেদের চতুর্থ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ।
২০২৩ সালের প্রথম আসরে নবম হয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।