শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


প্রবাসীর স্ত্রীর ফ্ল্যাটে পুলিশের এসআই, স্থানীয়দের হাতে ধরা পড়ে গেলেন কারাগারে
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৫ পিএম  (ভিজিট : ১৪)
স্বামী বিদেশে থেকে সংসারের জন্য অর্থ পাঠান, আর দেশে থাকা স্ত্রী জড়িয়ে পড়েন থানার এক পুলিশ কর্মকর্তার সঙ্গে অবৈধ সম্পর্কে এমনই একটি ঘটনা এখন আলোচনার কেন্দ্রে চট্টগ্রামের আকবর শাহ এলাকায়। স্থানীয়দের হাতে হাতেনাতে ধরা পড়ার পর শেষ পর্যন্ত কারাগারেই ঠাঁই হয়েছে অভিযুক্ত দুজনের।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর বড় ভাই ২০১৮ সালের মার্চ মাসে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমান। এদিকে দেশে থাকাকালীন আকবর শাহ থানায় কর্মরত অবস্থায় ভাবীর সঙ্গে পরিচয় হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নুরুন্নবী মুন্নার। সেই পরিচয় ধীরে ধীরে গড়ায় নিয়মিত বাসায় যাতায়াতে, আর শেষপর্যন্ত তা রূপ নেয় অনৈতিক সম্পর্কে বলে অভিযোগ।

অভিযোগে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নুরুন্নবী ওই ফ্ল্যাটে গিয়ে রাত যাপন করেন। বিষয়টি প্রবাসে থাকা স্বামীর কানে পৌঁছালে তিনি দেশে থাকা পরিবারের সদস্যদের জানান। এরপরই নড়েচড়ে বসেন স্থানীয়রা।

৯ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে নগরীর বিশ্ব কলোনির আই-ব্লকের ওই ফ্ল্যাটে গিয়ে স্থানীয় বাসিন্দারা দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। অভিযোগ রয়েছে, সেই মুহূর্তে উপস্থিত জনতার সামনে নিজের পরিচয় গোপন করে ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেন এসআই নুরুন্নবী। তবে স্থানীয়দের রোষের মুখে তিনি অবরুদ্ধ হয়ে পড়েন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আকবর শাহ থানা পুলিশ এবং দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মামলার এজাহারে আরও গুরুতর অভিযোগ তুলেছেন বাদী। তার দাবি, প্রবাসী ভাইয়ের পাঠানো প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ টাকা এবং নগদ ১৫ লাখ টাকা বাসা থেকে সরিয়ে ফেলেছেন অভিযুক্ত দুজন। এই অভিযোগের ভিত্তিতে ব্যভিচার, মারধর, চুরি ও হুমকির অভিযোগ এনে বৃহস্পতিবার আকবর শাহ থানায় মামলা দায়ের করেন প্রবাসীর ভাই।

মামলার পর বৃহস্পতিবারই দুজনকে গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক উভয়কেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, অনৈতিক কাজ, মারধর, চুরি ও হুমকির অভিযোগেই মামলাটি হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার দেখিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মো. আসাদুজ্জামান খানও নিশ্চিত করেছেন, শুনানি শেষে বিচারক দুজনকেই জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]