মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম  (ভিজিট : ৮০)
প্রতিষ্ঠার প্রায় পাঁচ বছর পর ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। ২০২১ সালের ২২ ডিসেম্বর যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০২৪ সালে। বর্তমানে তিনটি  ব্যাচে মোট ২৪০ জন শিক্ষার্থী নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে দুটি অনুষদের কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে একটি কৃষি অনুষদ এবং অন্যটি মৎস্য অনুষদ। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণে নতুন নতুন অনুষদ চালুর কার্যক্রমও চলমান রয়েছে।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ রাশেদুল ইসলাম ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর একাডেমিক কার্যক্রম শুরু করা হয়। তিনি বলেন, প্রতিষ্ঠার পর ২০২৪ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। দায়িত্ব গ্রহণের পর প্রাতিষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নিতে ৮০ জন করে দুটি ব্যাচে মোট ১৬০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, প্রথম ব্যাচের শিক্ষার্থীদের আবাসন সংকটের কথা বিবেচনা করে একটি ছাত্রনিবাস ও একটি ছাত্রীনিবাস ভাড়া নিয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবহারিক ক্লাসের অনুমোদন নেওয়া হয়েছে।

উপাচার্য আরও বলেন, কুড়িগ্রামের একটি বড় অংশ চরাঞ্চল। এসব চরাঞ্চলের জমি কৃষির জন্য সম্ভাবনাময়। তাই শিক্ষার্থীদের মাঠপর্যায়ে নিয়ে গিয়ে কৃষির বিভিন্ন বিষয়ে ব্যবহারিক শিক্ষা দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি বাস্তব কৃষি সম্পর্কে ধারণা অর্জনের সুযোগ পাচ্ছেন।

তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের জন্য একাডেমিক ও ল্যাব সুবিধা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য। তিনি বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) চিঠি দেওয়া হয়েছে। এরই মধ্যে ইউজিসির প্রতিনিধি দল পরিদর্শন করে আরও দুটি ভবন ভাড়া নেওয়ার বিষয়ে সম্ভাব্যতা যাচাই করেছে।
বর্তমানে দুটি ভবন ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে একটি ভবনে প্রশাসনিক এবং অন্যটিতে একাডেমিক কার্যক্রম চলছে। স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়েও কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষকসহ অস্থায়ীভাবে ৩০ জন জনবল এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে আরও ১৮ জন কর্মরত রয়েছেন। স্থায়ী জনবল নিয়োগের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ রাশেদুল ইসলাম।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চল কৃষির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এই অঞ্চলে কৃষি হাব গড়ে তোলার যে পরিকল্পনা রয়েছে, সেখানে দক্ষ জনবল তৈরিতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যেই শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি বাস্তব ও ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষক এনে শিক্ষার্থীদের ব্যবহারিক ও বাস্তবভিত্তিক শিক্ষা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এসব শিক্ষার্থী যেন কৃষি হাবসহ কৃষির বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন, সে লক্ষ্যেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রতিষ্ঠার পর একাডেমিক কার্যক্রম শুরু করতে বিলম্ব হলেও বর্তমানে শিক্ষা কার্যক্রম, আবাসন, ব্যবহারিক শিক্ষা, অবকাঠামো ও জনবল বাড়ানোর উদ্যোগের মধ্য দিয়ে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]