প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৫ এএম
(ভিজিট : ২২)
ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা তারা, চট্টগ্রাম নগরের মশক নিয়ন্ত্রণ কর্মীরা। এবার তাদের দক্ষতা বাড়াতে শুরু হলো তিন দিনের বিশেষ প্রশিক্ষণ। আর সেই প্রশিক্ষণের উদ্বোধনী মঞ্চ থেকেই এলো স্পষ্ট বার্তা, দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই।
রোববার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) লাইব্রেরি ভবনের কনফারেন্স রুমে আন্তর্জাতিক সংস্থা মেডিসিন্স সান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ৬ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন চসিকের ২৩৪ জন মশক ও ফগার কর্মী।
উদ্বোধনী অনুষ্ঠানে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী কর্মীদের উদ্দেশে বলেন, "আপনাদের কাজ শুধু নির্ধারিত এলাকায় স্প্রে করা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে নগরবাসীর জীবন ও নিরাপত্তা। মনে রাখবেন, আপনাদের একটি সঠিক স্প্রে একজন নাগরিকের জীবন রক্ষা করতে পারে।"
দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "যদি ভাবেন, ডিউটি দিয়েছে, মশা মেরে চলে গেলাম, তাহলে ভুল করবেন। আপনাদের কাঁধে অনেক বড় দায়িত্ব। নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কাজ করতে হবে।"
শুধু নাগরিকদের নয়, কর্মীদের নিজেদের নিরাপত্তার বিষয়টিতেও গুরুত্ব দিয়েছে চসিক। ক্যাপ্টেন ইখতিয়ার জানান, এমএসএফ চসিককে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে, যা প্রশিক্ষণের পাশাপাশি কর্মীদের মধ্যে বিতরণ করা হবে।
ডেঙ্গু প্রতিরোধে মেয়রের আন্তরিকতার কথা উল্লেখ করে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা বলেন, মেয়র ডা. শাহাদাত হোসেন মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে অত্যন্ত সতর্ক ও আন্তরিক। তিনি সবসময় কার্যক্রম জোরদারে উৎসাহ দিচ্ছেন। নগরবাসীকে ডেঙ্গুর ঝুঁকিমুক্ত রাখতে তার প্রচেষ্টা প্রশংসার দাবিদার।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মশক নিয়ন্ত্রণে নিয়োজিত সম্মুখসারির কর্মীদের দক্ষতা ও নিরাপত্তা দুটোই আরও মজবুত হবে, যার সুফল পাবেন নগরবাসী।