প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩১ এএম
(ভিজিট : ১৪)
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় পাচারের উদ্দেশ্যে মজুত করা ২২০ বস্তা সার জব্দ করেছে কোস্ট গার্ড। সারগুলো সাগরপথে মিয়ানমারে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে বাহিনীটি। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার হালিশহরের দবিরখাল এলাকায় এই অভিযান চালানো হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দবিরখালে একটি ট্রাক থেকে মাছ ধরার ট্রলারে সারের বস্তা তোলা হচ্ছিল। এ সময় গোপন খবরের ভিত্তিতে সেখানে হাজির হন কোস্ট গার্ডের সদস্যরা। ঘটনাস্থলে থাকা তিনজনকে আটক করেন তারা।
পরে ট্রাক ও ট্রলারে তল্লাশি চালিয়ে মোট ২২০ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা সারের ওজন প্রায় ১১ টন।
কোস্ট গার্ড জানায়, মাছ ধরার ট্রলারের আড়ালে সারগুলো মিয়ানমারে পাচারের পরিকল্পনা ছিল। পাচারের অভিযোগে আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ঘটনায় হালিশহর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা সার ও গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।