প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ পিএম
(ভিজিট : ১৩)
বঙ্গোপসাগরে কক্সবাজার উপকূলের নাজিরারটেক এলাকায় মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন, মহেশখালী উপজেলার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন একই উপজেলার নুরুল আলম ও মুহিব উল্লাহ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে জেলার নাজিরারটেক উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তবে নুরুল আলম ও মুহিব উল্লাহ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে স্থানীয় জেলেরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মহেশখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ভোর তিনটার দিকে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের কবলে পড়ে ফিশিং ট্রলারটি। কয়েকজন জেলে নিরাপদে উঠলেও নিখোঁজ হয় চারজন। সেখান থেকে দুইজনের মরদেহ মিলেছে। তবে এখনো নিখোঁজ রয়েছে আরও দুই জেলে।