প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৩ পিএম
(ভিজিট : ১২)
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ (খিলগাঁও তিলপাপাড়া) আঞ্চলিক কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি এবং পরবর্তীতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি এ পরিদর্শনে যান।
পরিদর্শনের শুরুতেই আঞ্চলিক কার্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়, যেন পরিদর্শন শুরু হওয়ার পর বিলম্বকারী কোনো কর্মকর্তা বা কর্মচারী ভেতরে প্রবেশ করতে না পারেন।
পরিদর্শনের সময় প্রশাসক প্রতিটি কক্ষ সরেজমিনে ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন। তিনি প্রতিটি শাখার হাজিরা খাতা পরীক্ষা করেন এবং অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিকভাবে হাজিরা খাতায় ‘অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেন।
এ সময় অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি এবং পরবর্তীতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামকে নির্দেশ দেন ডিএসসিসি প্রশাসক।
এ ছাড়া পরিদর্শনের সময় তিনি নাগরিক সেবার মান বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরেজমিনে মনিটরিং ও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার জন্য আঞ্চলিক কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা প্রদান করেন।