প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:০৩ পিএম
(ভিজিট : ১৮)
রাজধানীতে নির্ধারিত দোকানে মাংস বিক্রি করতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, মাংস পরীক্ষিত কি না, তা নিশ্চিত করতে মাংসের গায়ে ঢাকা সিটি করপোরেশন স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিল থাকতে হবে। ওই সিল দেখেই সাধারণ মানুষ বুঝতে পারবেন, মাংসটি পরীক্ষিত।
আজ সোমবার রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন করেন সিটি প্রশাসক। উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মো. আবদুস সালাম।
সিল ছাড়া মাংস বিক্রি করলে তা জব্দ এবং দোকানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক।
তিনি বলেন, নির্ধারিত জবাইখানার বাইরে বিভিন্ন বাজারে পশু জবাই করা যাবে না। কেউ অননুমোদিত স্থানে পশু জবাই করলে তাকে জরিমানা করা হবে।
জবাইখানায় স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করার কথা জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, পশু জবাইয়ের সময় স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকতে হবে। কেউ দায়িত্বে অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।