ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামী ২৭ আগস্ট। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে ২৬ আগস্ট রাত ১২টা থেকে সংশ্লিষ্ট এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনসহ সভা, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৬ আগস্ট বুধবার রাত ১২টা থেকে জাতীয় সংসদ ভবন ও সংলগ্ন নির্ধারিত এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং অন্যান্য ক্ষতিকর ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতাধীন এলাকাগুলো হলো—
ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলা মোটর ক্রসিং পর্যন্ত।
বাংলা মোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত।
পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।
মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত।
রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯এম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত।
ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত।
জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এর সীমানার ভেতরে থাকা সব রাস্তা ও গলিপথ।
ডিএমপির গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
অধিবেশন নির্বিঘ্নে পরিচালনা এবং জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।