বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


চট্টগ্রামে অস্ত্র বানানোর গোপন কারখানার সন্ধান,ধরা পড়ল দুই কারিগর
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২০ পিএম  (ভিজিট : ২১)
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে সন্ধান মিলল অবৈধ অস্ত্র তৈরির একটি গোপন কারখানার। পুলিশের অভিযানে ধরা পড়েছে দেশি অস্ত্র বানানোর হাতেকলমে কাজ করা দুই ব্যক্তি, উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র, গুলি ও অস্ত্র বানানোর নানা সরঞ্জাম।

স্থানীয়ভাবে গোপন সংবাদ পেয়ে সোমবার রাতে ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই অভিযান চালায় হাটহাজারী থানা পুলিশ। অভিযানের সময় একটি বাড়িতে চলা অস্ত্র তৈরির কারখানায় হাতেনাতে ধরা পড়েন দুজন। কাজ চলাকালেই তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া দুজনের একজন মো. জামাল হোসেন (৪৪)। তিনি মির্জাপুর ২ নম্বর ওয়ার্ডের জামাল মিস্ত্রীর বাড়ির বাসিন্দা এবং প্রয়াত চান মিয়ার ছেলে। অন্যজন মো. কবির, একই এলাকার মালেক ড্রাইভারের বাড়ির বাসিন্দা এবং প্রয়াত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানিয়েছে, অভিযানকালে ওই কারখানা থেকে প্রচুর পরিমাণ অস্ত্র ও গুলির পাশাপাশি অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জামও জব্দ করা হয়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের সূত্র ধরে মির্জাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র তৈরির কাজে লিপ্ত অবস্থাতেই দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি।

তিনি আরও জানান, জব্দ করা অস্ত্র ও সরঞ্জামগুলো নিয়ে বিস্তারিত তদন্ত-যাচাই চলছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, এলাকায় অবৈধ অস্ত্রের বিস্তার ঠেকাতে হাটহাজারী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে অস্ত্র তৈরি বা মজুতের সঙ্গে জড়িত যে কারও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]