প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:২১ পিএম
(ভিজিট : ১৮)
চট্টগ্রামের বোয়ালখালীতে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশকে পড়তে হয়েছে তুমুল ধস্তাধস্তির মুখে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে যাওয়া আসামি মোহাম্মদ মহিউদ্দিন (২৮) কে অবশ্য পরে আবার গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল রোববার রাত ১১টার দিকে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মসজিদ ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উত্তর কালডেঙ্গার শিকদার বাড়ির বাসিন্দা মহিউদ্দিন স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নানের দায়ের করা একটি সিআর মামলার আসামি ছিলেন, যার বিরুদ্ধে আদালত আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে মামলার বাদীকে সঙ্গে নিয়ে পুলিশের একটি দল মহিউদ্দিনকে ধরতে যায়। কিন্তু গ্রেপ্তারের চেষ্টাকালেই শুরু হয় হাতাহাতি, যাতে আহত হন মামলার বাদী নিজেও এবং তিনজন পুলিশ সদস্য।
আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই আব্দুল হালিম (৪৮), এএসআই মাসুম বিল্লাহ (৩৫) ও কনস্টেবল হাসানুজ্জামান (৩২)। রাত সাড়ে ১২টার দিকে তারা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন।
এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তাদের একজন জেবল হোসেন (২৩), যিনি চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য হিসেবে কর্মরত। অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন গণমাধ্যমকে জানান, আসামিকে গ্রেপ্তার করতে গেলে পরিবারের নারী সদস্যরা পুলিশ সদস্যদের কামড় ও আঁচড় দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন।
তিনি আরও জানান, শেষ পর্যন্ত মহিউদ্দিনকে গ্রেপ্তার করা সম্ভব হয় এবং তার আত্মীয় গ্রাম পুলিশ সদস্য জেবল হোসেনসহ দুজনকে আটক করা হয়েছে। পুলিশের কাজে বাধাদানের অভিযোগে এ ঘটনায় একটি পৃথক মামলাও দায়ের করা হয়েছে।