মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


দেশে ১০০টির বেশি গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ড তৈরির লক্ষ্য
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:০১ পিএম  (ভিজিট : ১৬)
দেশে পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ডের সংখ্যা ৩১টি থেকে বাড়িয়ে ১০০টির বেশি করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক আন্তর্জাতিক কর্মশালায় এ পরিকল্পনার কথা জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কিছুটা পিছিয়ে পড়লেও বৈশ্বিক জাহাজ পুনর্ব্যবহার শিল্পে দেশের অবস্থান এখনো গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পরিবেশগত মান পূরণে আরও কয়েকটি শিপইয়ার্ড বর্তমানে গ্রিন সার্টিফিকেশন পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

শিল্প মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার জন্য ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল (টিএসডি) সুবিধা স্থাপনের সম্ভাব্যতা যাচাই নিয়ে আলোচনা করা হয়।

মন্ত্রী বলেন, একসময় জাহাজ পুনর্ব্যবহারে বৈশ্বিক টনেজের হিসাবে ভারতের চেয়েও এগিয়ে ছিল বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে বাজারে দেশগুলোর অংশীদারত্বে পরিবর্তন এলেও এ শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

জাহাজ পুনর্ব্যবহার শিল্প দেশের ইস্পাত কারখানাগুলোকে প্রয়োজনীয় স্ক্র্যাপ ধাতু সরবরাহের পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে ভবিষ্যতে এ শিল্পের সম্প্রসারণে শ্রমিকদের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন মন্ত্রী।

তিনি বলেন, বড় সমুদ্রগামী জাহাজ ভাঙার সময় বিভিন্ন ধরনের বিপজ্জনক ও বিষাক্ত বর্জ্য তৈরি হয়। যথাযথভাবে এসব বর্জ্য ব্যবস্থাপনা না করা হলে তা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

প্রস্তাবিত বর্জ্য ব্যবস্থাপনা অবকাঠামো জাহাজ পুনর্ব্যবহার থেকে উৎপন্ন বিষাক্ত বর্জ্য সংগ্রহ, প্রক্রিয়াজাত ও নিরাপদে নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অন্যান্য শিল্পের ইলেকট্রনিক ও শিল্পবর্জ্য ব্যবস্থাপনাতেও এটি ব্যবহার করা যাবে।

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা অবকাঠামো গড়ে উঠলে আন্তর্জাতিক সামুদ্রিক কনভেনশনের মানদণ্ড পূরণে বাংলাদেশের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে বৈশ্বিক জাহাজ পুনর্ব্যবহার বাজারে দেশের প্রতিযোগিতা সক্ষমতাও আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

কর্মশালায় শিল্পসচিব আবদুন নাসের খান সভাপতিত্ব করেন। এতে পরিবেশবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্দসেন বক্তব্য দেন।

আন্তর্জাতিক সামুদ্রিক বিশেষজ্ঞ সুমিয়ুকি ওতসুকি টেকসই শিপইয়ার্ড পরিচালনার কারিগরি কাঠামো নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]