মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


স্থানীয় নির্বাচন শান্তিপূর্ণ হবে, আশা ইউএনডিপির
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:০৯ পিএম  (ভিজিট : ১৮)
বাংলাদেশে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস। এক্ষেত্রে নির্বাচন কমিশন, সরকার, সুশীল সমাজ ও দেশের নাগরিকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার ও জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠকের পর তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

স্টিভেন রড্রিগেস বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে তাদের অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বিশ্বের অন্যতম সফল ও বৃহৎ একটি নির্বাচন আয়োজনের জন্য প্রথমেই নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছি। গত জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

এই নির্বাচন দেশের জন্য একটি নতুন মোড় এবং নতুন ভবিষ্যতের পথ প্রশস্ত করেছে।

বৈঠকে ইউএনডিপি ও নির্বাচন কমিশনের মধ্যকার সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশনকে সহায়তা করতে পেরে ইউএনডিপি গর্বিত বলেও উল্লেখ করেন স্টিভেন রড্রিগেস।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা ও ব্যবস্থাপনা শতভাগ নির্বাচন কমিশনের মাধ্যমেই সম্পন্ন হয়েছে।

তবে ইউএনডিপি, অন্যান্য দাতা সংস্থা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা যেমন ইউএন উইমেন, ইউএনওডিসি ও ইউনেস্কো নির্বাচন আয়োজনের কাজে সমর্থন দিয়েছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। নির্বাচন কমিশন কখন এবং কোথায় তাদের সহায়তা চাইবে, সেটি সম্পূর্ণ কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলেও উল্লেখ করেন ইউএনডিপির এ প্রতিনিধি।

তিনি বলেন, এই অংশীদারিত্ব নিয়ে ইউএনডিপি অত্যন্ত গর্বিত। নির্বাচন কমিশনের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা পাওয়ায় তিনি এবং তার দল কৃতজ্ঞ।

ইউএনডিপির এই প্রতিনিধি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন স্থানীয় নির্বাচনগুলোও শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হবে এবং দেশের সর্বোত্তম স্বার্থ রক্ষা করবে বলে তিনি বিশ্বাস করেন। এক্ষেত্রে শুধু নির্বাচন কমিশন বা সরকার নয়, সুশীল সমাজ ও দেশের প্রতিটি নাগরিকের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]