সোমবার ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ঈশ্বরদীতে ৩২০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:০০ পিএম  (ভিজিট : ১৬)
‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ও বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ঈশ্বরদী উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে উপজেলার ৩ হাজার ২২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বিভিন্ন সবজির বীজ, রাসায়নিক ও জৈব সার, বালাইনাশক এবং লেবুর চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ প্রণোদনার আওতায় উপজেলার মোট ১ হাজার ৬২ দশমিক ৬ একর জমিতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ৫০০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ১ কেজি বালাইনাশক ও ২ কেজি পলিথিন দেওয়া হয়েছে।

এ ছাড়া লেবু বাগান স্থাপনের জন্য ২০ জন কৃষককে জনপ্রতি পাঁচটি করে উচ্চফলনশীল লেবুর চারা এবং ৩০ কেজি করে জৈব সার দেওয়া হয়েছে। পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ ও বসতবাড়িতে সবজি চাষে উৎসাহিত করতে ২ হাজার ৭০০ জন কৃষককে খরিপ মৌসুমের বিভিন্ন শাকসবজির বীজের সঙ্গে ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মমিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, কৃষিই দেশের অর্থনীতির মূল ভিত্তি। কৃষকের উৎপাদন খরচ কমানো এবং দেশকে খাদ্য ও পুষ্টিতে স্বাবলম্বী করতে সরকার কাজ করে যাচ্ছে। সময়মতো উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার বিনামূল্যে পাওয়ায় কৃষকরা উৎপাদন বাড়াতে পারবেন। এতে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বাজারেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মমিন বলেন, ঈশ্বরদী অঞ্চলে এর আগেও অফ-সিজনে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও লেবু চাষ করে কৃষকরা সাফল্য পেয়েছেন। ভালো বাজারদর পাওয়ায় এসব ফসলে অনেক কৃষক লাভবান হয়েছেন। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবার প্রণোদনার পরিধি বাড়িয়ে কৃষকদের নতুন করে উৎসাহিত করা হচ্ছে।

অনুষ্ঠানে ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুমসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]