মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ভাটিয়ারীতে বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্কপের
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:১৫ পিএম  (ভিজিট : ২০)
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে বিষাক্ত গ্যাসে ১০ জন শ্রমিকের করুণ মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার দাবি করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন স্কপের চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়ক রবিউল হক শিমুল।

স্কপ নেতারা জানান, গত ১৪ আগস্ট ফেরদৌস স্টিলে বিষাক্ত গ্যাস নিঃসরণের ঘটনায় প্রাথমিকভাবে নয়জন শ্রমিক মারা যান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় দশে। নেতারা স্পষ্ট ভাষায় বলেন, কর্মক্ষেত্রে এমন নির্মম প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দায় সরাসরি বর্তায় মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের ওপর।

রবিউল হক শিমুল অভিযোগ করেন, দুর্ঘটনার সময় শ্রমিকদের যথাযথভাবে উদ্ধার, প্রয়োজনীয় অক্সিজেন ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়নি। তিনি প্রশ্ন তোলেন, কোন প্রক্রিয়ায় ও কীভাবে জাহাজটি কাটার অনুমতি দেওয়া হয়েছিল তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করা জরুরি। দায়ী ব্যক্তি, কর্মকর্তা কিংবা প্রতিষ্ঠান যেই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে স্কপের পক্ষ থেকে তুলে ধরা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি— নিহত ও আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান, আহতদের চিকিৎসা ব্যয় সম্পূর্ণভাবে মালিকপক্ষকে বহন করতে হবে, নিহত শ্রমিকদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা, জাহাজভাঙা শিল্পে ঘোষিত ন্যূনতম মজুরি ২২ হাজার টাকার গেজেট অবিলম্বে বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্কপের যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন ও মো. খোরশেদ আলম, এ এম নাজিম উদ্দিন এবং ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্তসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]