| শিরোনাম: |
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের পাঁচ প্রবাসীর পরিবারের মাঝে মোট ৯ লাখ টাকার আর্থিক সহায়তা ও বিভিন্ন উপকরণ হস্তান্তর করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) গাছবাড়িতে ৮ নম্বর ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
ফ্রান্সপ্রবাসী বদরুল ইসলাম, রাজু আহসান, নাজমুল ইসলাম ও দুলাল আহমদের উদ্যোগে সংগৃহীত অর্থ ও উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকর।
সম্প্রতি কাতারের আল শাহানিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হন। দুর্ঘটনায় নিহত সবাই একই ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা ছিলেন।
যেভাবে সহায়তা দেওয়া হয়েছে১. নিহত জিবাল আহমদ, আমরপুর: ২টি অটোরিকশা।
২. নিহত জসিম উদ্দিন, আগতালুক: ১টি অটোরিকশা ও নগদ ৫০ হাজার টাকা।
৩. নিহত জুবের আহমদ, মাঝতালুক: নগদ ১ লাখ ৫০ হাজার টাকা।
৪. নিহত মোস্তাক আহমদ, মাঝতালুক: নগদ ১ লাখ ২০ হাজার টাকা।
৫. নিহত আব্দুল কাদির, নিজ গাছবাড়ী: নগদ ১ লাখ ২০ হাজার টাকা।
অনুষ্ঠানে গাছবাড়ী মাযাহিরুল উলূম কওমি মাদরাসার মুহতামিম মাওলানা আজমত উল্লাহ, বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরুল আমিন, গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মিজান বিন রশিদ, রানিং মেম্বার সাইদুর রহমান, আব্দুল কাদির, নাজমুল ইসলাম জিলহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা ফ্রান্সপ্রবাসীদের এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নিজ এলাকার মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছেন।
নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে সহযোগিতার এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বক্তারা ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।