প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:১১ পিএম
(ভিজিট : ২৫)
খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ এবং নানা অনিয়মের দায়ে চট্টগ্রামের চারটি নামিদামি প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২২ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এই সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করেন।
অভিযানে ফ্লেভারস বেকারিতে পাওয়া যায় পচা-বাসি মিষ্টির উচ্ছিষ্ট সংরক্ষণের প্রমাণ। এছাড়া মেয়াদোত্তীর্ণ মিষ্টি, কেক ও বিস্কুট, নিম্নমানের ঘি এবং পোকাযুক্ত বাদাম ব্যবহারের মতো গুরুতর অভিযোগও উঠে আসে। পরিবেশ ছিল অপরিচ্ছন্ন, আর পরিদর্শকদের কাছ থেকে লুকাতে বিভিন্ন কক্ষ ও ফ্রিজার তালাবদ্ধ রেখে অসহযোগিতা করারও অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে গুনতে হচ্ছে ১৯ লাখ টাকা জরিমানা।
মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডের কারখানায় অভিযানে মিলেছে তেলাপোকার উপস্থিতি, পোকামাকড়যুক্ত ম্যাংগো পাল্প এবং বারবার ব্যবহৃত পোড়া তেল। চিপস, নিমকিসহ বিভিন্ন খাবার তৈরি হচ্ছিল একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
উৎসব সুপার শপে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ মোমোস, নষ্ট মসলা ও চকোলেট। মাংস সংরক্ষণ করা হচ্ছিল অস্বাস্থ্যকর পরিবেশে, আর অনেক পণ্য বিক্রি হচ্ছিল সঠিক লেবেল ছাড়াই। এসব অনিয়মের দায়ে শপটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে রিও ক্যাফে-মাজায়দারে পচা-বাসি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় নিবন্ধন না থাকার প্রমাণ মেলে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম স্পষ্ট জানিয়ে দেন, ভোক্তার নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। খাদ্যের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও আইনি ব্যবস্থা চলমান থাকবে বলে জানান তিনি।