বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


মহাসড়কে নামছে ৬০ বিএলএস অ্যাম্বুলেন্স
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:৫৪ পিএম  (ভিজিট : ৭)
সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার ও হাসপাতালে নিতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কে শিগগিরই ৬০টি অত্যাধুনিক বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) অ্যাম্বুলেন্স নামানো হচ্ছে। দুর্ঘটনার পর গুরুত্বপূর্ণ ‘গোল্ডেন আওয়ার’ কাজে লাগিয়ে প্রাণহানি কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানিয়েছেন, প্রথম পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক করিডরে পাইলট প্রকল্পের আওতায় এসব অ্যাম্বুলেন্স মোতায়েন করা হবে। এর মধ্যে চন্দ্রা-এলেঙ্গা হয়ে রংপুর, হাটিকুমরুল-নাটোর হয়ে রাজশাহীর কাটাখালী এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, নির্দিষ্ট অংশে প্রায় ১০ কিলোমিটার পরপর একটি করে অ্যাম্বুলেন্স রাখা হবে। দুর্ঘটনার খবর পাওয়ার পর ২৪ ঘণ্টা চালু থাকা কেন্দ্রীয় কল সেন্টারের মাধ্যমে সবচেয়ে কাছের অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হবে।

প্রতিটি অ্যাম্বুলেন্সে তিনজন করে স্বাস্থ্য প্রযুক্তিবিদ পালাক্রমে দায়িত্ব পালন করবেন। অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম থাকবে এসব অ্যাম্বুলেন্সে। তবে এগুলো আইসিইউ অ্যাম্বুলেন্স নয়; হাসপাতালে নেওয়ার পথে আহত ব্যক্তিকে জরুরি বেসিক লাইফ সাপোর্ট দেওয়াই হবে এর মূল কাজ।

সওজ জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের জন্য এ জরুরি অ্যাম্বুলেন্স সেবা বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে। রোগীকে প্রথমে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকায় স্থানান্তরের ব্যবস্থাও করা হবে।

এ ছাড়া অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগ পর্যন্ত আহতদের সহায়তায় ‘বাইস্ট্যান্ডার কেয়ার’ ব্যবস্থা চালু করা হবে। মহাসড়কের পাশে বসবাসকারী স্থানীয় মানুষকে ফার্স্ট এইডের প্রশিক্ষণ দিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত করিডরে প্রতি ২০০ থেকে ৩০০ মিটার পরপর দুজন করে স্বেচ্ছাসেবক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

সওজের প্রধান প্রকৌশলী বলেন, পাইলট প্রকল্প সফল হলে এর অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ মহাসড়কেও এই জরুরি অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ করা হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]