মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


সব মহাসড়কে ধাপে ধাপে এআই-ভিত্তিক অটো ফাইন চালু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩:২৩ পিএম  (ভিজিট : ৪)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু করা এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’-এর কার্যকারিতা ও অভিজ্ঞতা পর্যালোচনা করে পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে এই প্রযুক্তি চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ উদ্যোগ মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনবে। এর মাধ্যমে সড়ক নিরাপত্তা বাড়ানো, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত, দুর্ঘটনা কমানো এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে দ্রুত, কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস্তবায়িত এ ব্যবস্থার সাফল্য ও অভিজ্ঞতা মূল্যায়নের পর ধাপে ধাপে দেশের সব মহাসড়কে এআইভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা হবে।’

এই প্রকল্পের আওতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি পিলারে ইতোমধ্যে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ট্রাফিক সংকেত ও সড়কচিহ্ন অমান্য করা, বিপরীত দিক দিয়ে গাড়ি চালানো এবং অবৈধ পার্কিংয়ের মতো আইনভঙ্গ শনাক্ত ও রেকর্ড করা হবে।

কোনো যানবাহনের বিরুদ্ধে আইনভঙ্গের ঘটনা শনাক্ত হলে সংশ্লিষ্ট গাড়ির তথ্য সরাসরি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ডাটাবেজে পাঠানো হবে। এরপর নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে অপরাধের বিবরণ ও জরিমানার পরিমাণ জানিয়ে দেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যানবাহনের মালিকরা ঘরে বসেই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে জরিমানা পরিশোধ করতে পারবেন।

একই ধরনের আইনভঙ্গ বারবার করলে বিআরটিএর বিধি অনুযায়ী আরও কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। এর মধ্যে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধন বাতিলের মতো ব্যবস্থাও থাকতে পারে।

মহাসড়কে অবৈধ টোল আদায় বা চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন কিংবা পুলিশের কেউ জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘সিসিটিভি ও এআই ক্যামেরার মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড রেকর্ড করা হবে। এতে অবৈধ চাঁদাবাজি নিয়ন্ত্রণের পাশাপাশি মহাসড়ক আরও নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ করা সম্ভব হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অনুমোদনহীন বা লাইসেন্সবিহীন থ্রি-হুইলার এবং অযান্ত্রিক যানবাহন মহাসড়কে চলাচল করতে দেওয়া হবে না। এ ধরনের যানবাহনের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেন তিনি।

একই সঙ্গে স্থানীয় ফিডার সড়কে যাতায়াত এবং সিএনজি ফিলিং স্টেশনে যাতায়াতসহ প্রয়োজনীয় বিষয়গুলো সমন্বিত ও শৃঙ্খলাপূর্ণভাবে ব্যবস্থাপনার জন্য হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ সফল করতে হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরিতে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) ফারুক আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]