বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


জ্বালানি ও আর্থিক সহযোগিতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত বাংলাদেশ-কাতার
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:০৬ পিএম  (ভিজিট : ২২)
জ্বালানি নিরাপত্তা জোরদার এবং আর্থিক সহযোগিতা বাড়াতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ ও কাতার। দোহায় উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়।

দুই দিনের সরকারি সফরে কাতারে থাকা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশটির জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুয়ারি সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় জ্বালানি সরবরাহ আরও নিরাপদ ও নিরবচ্ছিন্ন করা এবং দুই দেশের মধ্যে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে প্রস্তাবিত যৌথ ওয়ার্কিং গ্রুপগুলো ভবিষ্যৎ প্রকল্প ও সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা এবং বাস্তবায়ন তদারকিতে কাজ করবে।

বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ছিলেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারের জ্বালানিমন্ত্রী ও অর্থমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ভবিষ্যতে দুই দেশের মধ্যে জ্বালানি ও আর্থিক সহযোগিতার বিষয়ে আরও বিস্তারিত আলোচনা এবং নতুন প্রকল্প নিয়ে কাজ করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে দুই দিনের কাতার সফরের অংশ হিসেবেই এসব বৈঠক অনুষ্ঠিত হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]