প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২:৪৬ পিএম
(ভিজিট : ১০)
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজের ট্যাংক থেকে গ্যাস ছড়িয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ জানান, শুক্রবার ইয়ার্ড বন্ধ ছিল। সকালে একটি স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংকে লিকেজের খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি ঘটনাস্থলের কাছে গেলে ট্যাংকে জমে থাকা গ্যাসের কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে কয়েকজনের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন।
তবে আহত ও নিহত ব্যক্তিদের সঠিক সংখ্যা এবং পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ইয়ার্ডের ব্যবস্থাপক।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, পুলিশ তাকে ৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে। তবে ঘটনাস্থলে সরেজমিন পরিদর্শন ও তদন্ত ছাড়া দুর্ঘটনার কারণ কিংবা মোট হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল মামুন জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং মরদেহ উদ্ধারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ‘এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। উদ্ধারকাজ চলছে। পরে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় কিছু মানুষ শিপইয়ার্ডে গিয়ে ভাঙচুর করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময় কয়েকটি স্থাপনা ও মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কিছু জিনিস নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
ঘটনাস্থল ভাটিয়ারী সাগর উপকূলের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে। দুর্ঘটনায় নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, গ্যাসের নির্গমনের কারণ কী এবং ইয়ার্ড কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না—এসব বিষয় তদন্তে উঠে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।