প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:২২ এএম
(ভিজিট : ১৯)
দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে লুকিয়ে থাকা চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক সার্ভেয়ার মো. নুর চৌধুরী (৫২) অবশেষে ধরা দিলেন আদালতে আর সেখান থেকেই সরাসরি গেলেন কারাগারে। অভিযোগ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ১৩ লাখ টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছেন তিনি।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান নুর চৌধুরী। তবে আদালত সেই আবেদন খারিজ করে তাঁকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের পক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেজাউল করিম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রায় দেড় বছর আগে চাকরি থেকে অবসর নেওয়া নুর চৌধুরীর বাড়ি পটিয়া উপজেলায়।
মামলার এজাহার অনুযায়ী, চট্টগ্রামের উত্তর পতেঙ্গা মৌজায় ভুয়া জমির মালিক সাজিয়ে সরকারের কাছ থেকে অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ১৩ লাখ ১৪ হাজার ২৭৩ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগে ২০১৯ সালের জানুয়ারিতে নুর চৌধুরীসহ মোট ১৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটির বাদী ছিলেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক জাফর আহমেদ।
এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার আরও চারজন সার্ভেয়ার, দুজন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং একজন কানুনগো। এই আসামিদের বেশির ভাগই ইতিমধ্যে আদালতে আত্মসমর্পণ করেছেন। কিন্তু নুর চৌধুরী একাই এতদিন পলাতক ছিলেন বছরের পর বছর তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও পুলিশ বা আদালতের নাগালের বাইরেই ছিলেন তিনি।