শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


১০৯ কোটি টাকা না দিলে বিপদে পড়বে এমএন নিটওয়্যার, সময় বেঁধে দিলেন আদালত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:১৯ এএম  (ভিজিট : ২৩)
ঋণ পরিশোধ না করার অভিযোগে পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান এম.এন নিটওয়্যার লিমিটেডকে বড় ধরনের ধাক্কা দিলেন চট্টগ্রামের একটি আদালত। প্রতিষ্ঠানটিকে আগামী ৬০ দিনের মধ্যে ব্যাংকের পাওনা ১০৯ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম অর্থঋণ আদালত-৩-এর বিচারক সেঁজুতি জান্নাত সম্প্রতি এই আদেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী মো. শফিকুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আদালতের নথি বলছে, ঘটনার শুরু ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। ওয়ান ব্যাংকের আগ্রাবাদ শাখা এম.এন নিটওয়্যারের বিরুদ্ধে প্রায় ১০৮ কোটি ১৫ লাখ টাকা পাওনা আদায়ে অর্থঋণ আদালতে মামলা করে। মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন আহমেদ মিন্টু, চেয়ারপারসন রোকসানা আহমেদ এবং পরিচালক মুসলিম উদ্দিন আহমেদকে বিবাদী করা হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, বিবাদীদের একজন মঈন উদ্দিন আহমেদ একসময় পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতির দায়িত্বেও ছিলেন। এ ছাড়া চট্টগ্রাম চেম্বার অব কমার্সেও পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। তবে গত বছরের অক্টোবর থেকে তিনি পরিবার নিয়ে কানাডায় বসবাস করছেন।

শুধু এই মামলাই নয়, একই তিন ব্যক্তির বিরুদ্ধে ইউসিবি ব্যাংকের করা আরেকটি অর্থঋণ মামলাও একই আদালতে বিচারাধীন রয়েছে।

ব্যাংকের প্যানেল আইনজীবী মুহাম্মদ নাঈম ভূঁইয়া জানান, আদালত থেকে বারবার সমন পাঠানো হলেও বিবাদীরা কখনোই হাজির হননি। দীর্ঘদিনের এই অনুপস্থিতির কারণে গত ৬ আগস্ট আদালত একতরফা রায় দিতে বাধ্য হন এবং নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধের নির্দেশ দেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]