বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


রাঙ্গুনিয়ায় এসএসসি ফল বিপর্যয় নিয়ে প্রশ্ন, জবাবদিহিতার দাবি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:০৬ পিএম  (ভিজিট : ৩৯)
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রামের পাশাপাশি দুই উপজেলা রাঙ্গুনিয়া ও রাউজানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফলে উল্লেখযোগ্য পার্থক্য দেখা দিয়েছে। বিশেষ করে রাঙ্গুনিয়া উপজেলার সামগ্রিক পাসের হার এবং কয়েকটি বিদ্যালয়ের ফলাফল নিয়ে অভিভাবক ও সচেতন মহলে নানা প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, কিছু বিদ্যালয়ে পাসের হার ৬০ শতাংশের নিচে নেমে এসেছে। এর মধ্যে চন্দ্রঘোনা এলাকার একটি বিদ্যালয়ের ফলাফল নিয়েও হতাশা প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের দাবি, শিক্ষার্থীদের ফলাফল প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছানোর পেছনে বিদ্যালয় পরিচালনা কমিটির দুর্বল তদারকি, প্রধান শিক্ষকের প্রশাসনিক ও একাডেমিক দক্ষতার ঘাটতি এবং শিক্ষকদের পাঠদান কার্যক্রমে প্রয়োজনীয় নজরদারির অভাব রয়েছে কি না—তা খতিয়ে দেখা প্রয়োজন।

অভিভাবক ও স্থানীয় সচেতন মহল বলছেন, পাশাপাশি অবস্থিত রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলার এসএসসি ফলাফলের পার্থক্য শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষার মান নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। শুধু পরীক্ষার ফলাফল প্রকাশ করলেই দায়িত্ব শেষ নয়; যে বিদ্যালয়গুলো ধারাবাহিকভাবে ভালো ফল করতে পারছে না, সেসব প্রতিষ্ঠানের কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

এ বিষয়ে স্থানীয়রা রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৬০ শতাংশের নিচে পাস করা সব বিদ্যালয়ের পরিচালনা কমিটি, প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষক মণ্ডলীকে জবাবদিহিতার আওতায় এনে ফলাফল খারাপ হওয়ার কারণ তদন্ত করা হোক।

তাদের মতে, শুধু শিক্ষার্থীদের দায়ী না করে বিদ্যালয় পরিচালনা, শিক্ষকতা, নিয়মিত ক্লাস, অভিভাবক-শিক্ষক সমন্বয় এবং শিক্ষা প্রশাসনের তদারকির বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করতে হবে।

সচেতন মহলের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলাফল পর্যালোচনা করে দুর্বল বিদ্যালয়গুলো চিহ্নিত করবে এবং প্রয়োজনীয় সংস্কার ও নজরদারি বাড়াবে। এতে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি আগামীতে রাঙ্গুনিয়ার বিদ্যালয়গুলোর এসএসসি ফলাফল আরও ভালো হবে বলে আশা করছেন তারা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]