প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৫২ পিএম
(ভিজিট : ২০)
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক নারীসহ চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন নারীকে ছয় মাস এবং অপর তিনজনকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৪ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। পরে দণ্ডপ্রাপ্ত চারজনকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—হোগলাপাশা গ্রামের আমীর হোসেনের মেয়ে জেসমিন আক্তার, সানকিভাংগা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মেহেদী হাসান সজিব, সুলতান গাজীর ছেলে আব্দুর রহমান এবং মফেজ শেখের ছেলে সিরাজ শেখ।
প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সোমবার মোরেলগঞ্জ পৌরসভা ও হোগলাপাশা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ওই চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আদালতে আটক ব্যক্তিরা নিজেদের দোষ স্বীকার করেন। পরে আদালত সংশ্লিষ্ট অভিযোগ ও তাদের স্বীকারোক্তির ভিত্তিতে জেসমিন আক্তারকে ছয় মাস এবং মেহেদী হাসান সজিব, আব্দুর রহমান ও সিরাজ শেখকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ ছাড়া চারজনকেই এক হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে আরও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
দণ্ডাদেশের পর রাতেই চারজনকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।