চলচ্চিত্রের সোনালি অতীতের সঙ্গে সমকালীন নির্মাণের যোগসূত্র স্থাপনের প্রত্যয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব ‘একাল-সেকাল’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ উৎসব চলবে মঙ্গলবার পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হচ্ছে দেশের চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্যের প্রতিনিধিত্বকারী পুরোনো চলচ্চিত্রের পাশাপাশি সাম্প্রতিক সময়ের আলোচিত নির্মাণ।
গতকাল রোববার বিকেলে জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি ও চলচ্চিত্র অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা। সম্মানিত অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক তানিম নূর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। শুভেচ্ছা বক্তব্য দেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নিতাই রায় চৌধুরী বলেন, দর্শকের আগ্রহ বিবেচনায় উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলোর আরও প্রদর্শনীর আয়োজন করা হবে। জাতীয় নাট্যশালা মিলনায়তনেও চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি আসছে শরৎকালে যাত্রা উৎসব আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি বলেন, যাত্রা, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনী ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। তাঁর ভাষ্য, দেশের যুবসমাজের জন্য পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদন ও সংস্কৃতিচর্চার সুযোগ তৈরি করা জরুরি। দীর্ঘদিন সিনেমা হল বন্ধ থাকা এবং সংস্কৃতিচর্চার পর্যাপ্ত পরিবেশ না থাকায় তরুণদের একটি অংশ হতাশায় ভুগছে। এ অবস্থায় খেলাধুলা, গান, নৃত্য ও চলচ্চিত্রের পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী ভাটিয়ালি, মুর্শিদি, কবিগান ও বাউলগানের চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
স্বাগত বক্তব্যে রেজাউদ্দিন স্টালিন বলেন, তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সব সময় সহযোগিতা ও প্রণোদনা দেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। চলচ্চিত্র নির্মাণে আগ্রহীদের জন্য একাডেমির দরজা সব সময় খোলা থাকবে। তরুণ নির্মাতারা এগিয়ে এলে দেশের চলচ্চিত্রের সোনালি অতীত ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। জীবনঘনিষ্ঠ ও শিল্পনির্ভর চলচ্চিত্র নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
উৎসবের প্রথম দিন গতকাল রোববার সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হয় মেজবাউর রহমান সুমন নির্মিত চলচ্চিত্র ‘রইদ’। পরে রাত ৮টায় দর্শকদের জন্য প্রদর্শিত হয় জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান নির্মিত ‘আবার তোরা মানুষ হ’। রাত ৮টায় দেখানো হবে মোহাম্মদ নুরুজ্জামান নির্মিত ‘মাস্তুল’।
উৎসবের শেষ দিন মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে আমজাদ হোসেন নির্মিত ‘দুই পয়সার আলতা’। রাত ৮টায় প্রদর্শিত হবে আকাশ হক নির্মিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। তিন দিনের এ চলচ্চিত্র উৎসব সবার জন্য উন্মুক্ত।