সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বাবাকে শেষবিদায় জানাতে আর্জেন্টিনায় মেসি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৫৩ এএম  (ভিজিট : ১৪)
পিতা হোর্হে মেসির প্রয়াণে গভীর শোকে নিমজ্জিত ফুটবল তারকা লিওনেল মেসি। কঠিন এই সময়ে ভেঙে পড়া মা সেলিয়া কুচ্চিত্তিনিসহ পরিবারের অন্য সদস্যদের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্র থেকে জরুরি ভিত্তিতে নিজ দেশ আর্জেন্টিনায় ফিরছেন মিয়ামির এই ফরোয়ার্ড।

ব্যক্তিগত বিমানে চড়ে মায়ামি থেকে সরাসরি জন্মশহর রোজারিওর উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে আর্জেন্টিনা অধিনায়কের।

স্প্যানিশ দৈনিক ‘এল পাইস’ জানিয়েছে, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে এবং পরিবারের পাশে থাকতে রোজারিও ছুটে যাচ্ছেন মেসি। শোকের এই মুহূর্তে মেসি পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা বজায় রাখার বিনীত অনুরোধ জানানো হয়েছে।

বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াই শেষে শনিবার ভোরে রোজারিওর সানাতোরিও সেন্ট্রোতে শেষনিশ্বাস ত্যাগ করেন ৬৮ বছর বয়সী হোর্হে মেসি।

হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়াণের খবর নিশ্চিত করলেও পরিবারের ইচ্ছাকে শ্রদ্ধা জানিয়ে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ্যে আনেনি।

আর্জেন্টাইন গণমাধ্যম ‘পাহিনা ১২’-র প্রতিবেদনে বলা হয়েছে, হোর্হে মেসির স্মরণে সর্বসাধারণের জন্য কোনো বড় শোকানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। কেবল নিকটাত্মীয় ও ঘনিষ্ঠজনদের সান্নিধ্যে পারিবারিক পরিবেশেই শেষকৃত্যের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে মেসি পরিবার।

পিতৃহারা হওয়ার পর স্বাভাবিকভাবেই খেলার মাঠে নামছেন না মেসি।

মেক্সিকোর জনপ্রিয় ক্লাব মনতেরের বিপক্ষে ইন্টার মিয়ামির আসন্ন লিগস কাপের ম্যাচটিতে তাকে ছাড়াই মাঠে নামতে হবে দলকে। মায়ামির হয়ে খেলার চেয়ে শোকস্তব্ধ পরিবারের পাশে থাকাকেই অগ্রাধিকার দিয়েছেন ৩৯ বছর বয়সী এই বিশ্বজয়ী মহাতারকা।

বিশ্বকাপ জয়ের উৎসব শেষে রোজারিওতে ফিরে কিছুদিন অসুস্থ বাবার সঙ্গে একান্ত সময় কাটিয়েছিলেন মেসি। পরবর্তীতে ইন্টার মিয়ামির ক্যাম্পে যোগ দিয়ে গত সপ্তাহেও মাঠ মাতিয়েছেন তিনি। কিন্তু বাবার প্রয়াণের খবর মিলতেই দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

হোর্হে মেসির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, নিউয়েলস ওল্ড বয়েজ, কনমেবল এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনসহ (এএফএ) বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়া সংস্থাগুলো। শ্রদ্ধা জানাতে আর্জেন্টিনার সব ঘরোয়া ম্যাচে এক মিনিট নীরবতা পালন এবং খেলোয়াড়, রেফারি ও কোচিং স্টাফদের কালো আর্মব্যান্ড পরার বিশেষ নির্দেশনা দিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]