বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


দলবদল গুঞ্জনের মাঝে প্রথমবার মুখ খুললেন ভিনিসিয়ুস
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:১৬ পিএম  (ভিজিট : ২২)
ইউরোপের ক্লাব ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের হাওয়া বইছে। যেখানে অন্যতম আলোচিত নাম ভিনিসিয়ুস জুনিয়র। নিজের বেতনের অঙ্ক এবং সুযোগ-সুবিধার দাবি না মানলে রিয়াল মাদ্রিদ ছেড়ে এই ব্রাজিল ফরোয়ার্ড আর্সেনালে যোগ দেবেন বলে জোরালো গুঞ্জন চলছে। ভিনিসিয়ুসের এজেন্সি সেই সম্ভাবনা উড়িয়ে দিলেও, একবারও মুখ খোলেননি তিনি।

দ্বিতীয় দফায় রিয়ালের দায়িত্বে আছেন হোসে মরিনিয়ো। তার অধীনে ভিনিসিয়ুস দারুণ হাসিখুশি পরিবেশে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করেছেন। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার গুঞ্জনও থেমে নেই। পর্তুগিজ কোচের অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতির দ্বিতীয় দিনের অনুশীলন শেষে ইতিবাচক অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভিনি।

রিয়াল মাদ্রিদ টিভিকে ব্রাজিলের ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘সবকিছু খুব ভালো হয়েছে। নতুন কোচ ও খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছি এবং খুব কঠোর পরিশ্রম করছি। মরিনিয়ো চান আমি যেন সব সময়ের মতোই থাকি– হাসিখুশি, প্রাণবন্ত এবং নিজের স্বাভাবিক ফুটবল খেলি।’

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি। তবে স্প্যানিশ ও ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, নতুন চুক্তি নিয়ে ক্লাব ও ফুটবলারের মধ্যে এখনও আলোচনা চলছে। একই সময়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালও তাকে দলে ভেড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখছে। এখন পর্যন্ত রিয়ালের হয়ে ১২৮টি গোল এবং ১০০টি অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস।

আগামী বছর বিনা ট্রান্সফার ফিতে তাকে হারানোর ঝুঁকি নিতে রাজি নয় স্প্যানিশ জায়ান্টরা। এদিকে, সম্প্রতি ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ব্যস্ত সময় পার করেছেন ভিনিসিয়ুস। শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলেও টুর্নামেন্টে চার গোল করে তিনি ছিলেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। এখন তার পুরো মনোযোগ নতুন মৌসুমের প্রস্তুতিতে।

ভিনি বলছেন, ‘আমাদের শারীরিকভাবে ভালো প্রস্তুতি নিতে হবে, যাতে মৌসুমজুড়ে চোট কম হয় এবং আমরা সবাইকে দলে পাই। আজকের অনুশীলনটা খুব ভালো হয়েছে। আমরা সবাই খুব ক্লান্ত হয়ে মাঠ ছেড়েছি। তবে এখন বিশ্রাম নেওয়ার সময়, কারণ বুধবার আবার অনুশীলন আছে। প্রাক-মৌসুম প্রস্তুতি এমনই হয়, আর আমাদের প্রস্তুত থাকতে হবে।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]