মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শান্তি সম্মেলন ধর্ম নয়, অপব্যাখ্যাই বিশ্বকে রক্তাক্ত করছে: ড. সাইফুদ্দীন মাইজভাণ্ডারী
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:১০ পিএম  (ভিজিট : ১৬)
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে উগ্রবাদ, ঘৃণা ও সহিংসতা ছড়ানোর বিরুদ্ধে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় নেতা, গবেষক, শিক্ষাবিদ ও কমিউনিটি ব্যক্তিত্বরা। একই সঙ্গে গাজাসহ বিশ্বের সব সংঘাত, মানবাধিকার লঙ্ঘন ও নিরীহ মানুষের রক্তপাত বন্ধে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের দাবি জানানো হয়।

গত শনিবার, ব্রুকলিনের ‘জালসা’ কনভেনশন হলে “Love and Mercy—The Message of All the Prophets (A.)” প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন দরবারে গাউছুল আযম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন ও সুফি ইউনিটি ফর ইন্টারন্যাশনাল সলিডারিটি (SUIS)-এর প্রেসিডেন্ট হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আল্লাহর সব নবী-রাসূল (আ.) মানবজাতিকে ভালোবাসা, ন্যায়বিচার ও মানবকল্যাণের শিক্ষা দিয়েছেন। কিন্তু ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে কিছু চরমপন্থী গোষ্ঠী বিশ্বজুড়ে ঘৃণা ও সহিংসতা ছড়াচ্ছে। ধর্ম নয়, ঘৃণার অপব্যাখ্যাই আজ বিশ্বকে রক্তাক্ত করছে।” তিনি গাজাসহ বিশ্বের সব যুদ্ধ ও নিরপরাধ মানুষের প্রাণহানি বন্ধে বিশ্বনেতাদের কার্যকর ভূমিকার আহ্বান জানান।

সম্মেলনে গ্লোবাল সিকিউরিটি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. আহমদ মুহিউদ্দীন (জনাথন গ্র্যানফ), ইসলামিক ফোরাম অব কানাডার প্রেসিডেন্ট শায়খ ফয়সাল হামিদ আব্দুর রাজ্জাক, আহলে সুন্নাত ওয়াল জামাআত ইউএসএর প্রেসিডেন্ট আল্লামা সৈয়দ জুবায়ের আহমদ, শাহজাদা সৈয়দ মেহবুব-এ মইনুদ্দীন আল-হাসানী, শাহজাদা শায়খ সৈয়দ মাশুক মইনুদ্দীন আল-হাসানীসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ধর্মীয় ও কমিউনিটি নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মুহাম্মদ ফারুক ও ক্বারী সৈয়দ মুস্তানজিদ বিল্লাহ রাব্বানী। সম্মেলনের শেষপর্বে বিশ্বশান্তি, বাংলাদেশের সমৃদ্ধি এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের নিরাপত্তা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]