শনিবার ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


উয়েফার পর ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান করলো কনক্যাকাফও
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:৫৭ পিএম  (ভিজিট : ২৪)
বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে অংশীদারত্ব বিক্রির জন্য দেওয়া ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনক্যাকাফের ৪১টি সদস্যদেশই। বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে ফিফার এই প্রস্তাব করে উয়েফা। ফিফা যদি বেসরকারি বিনিয়োগকারীদের কাছে অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা এগিয়ে নেয়, সে ক্ষেত্রে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে উরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে উয়েফার মতো বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়নি কনক্যাকাফ। 

কনক্যাকাফ বিবৃতিতে জানিয়েছে, ‘বৈঠকে সদস্যরা প্রস্তাবটি উপস্থাপনের পুরো প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এত কম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার চাপ এবং ফিফার সংশ্লিষ্ট পরিচালনা কাঠামোর কোনো পর্যালোচনা বা অনুমোদন ছাড়াই প্রস্তাবটি আনার বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইতিহাসের সবচেয়ে লাভজনক বিশ্বকাপ আয়োজনের পরও ফিফা ফরোয়ার্ডের বর্তমান ও নতুন কর্মসূচিগুলোর অর্থায়নে কেন বেসরকারি বিনিয়োগ প্রয়োজন, সেই প্রশ্নও উঠেছে। পাশাপাশি এই আলোচনা আরও বেশি স্বচ্ছতা এবং সুশাসনের প্রয়োজনীয়তাকেই সামনে এনেছে। আর এসব কারণেই কনক্যাকাফ এবং এর ৪১টি সদস্যদেশ ফিফার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।’

এর আগে চলতি সপ্তাহে ফিফা ঘোষণা দেয়, বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপসহ তাদের সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করা হবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভাষ্য, এই প্রতিষ্ঠানে সংখ্যালঘু অংশীদার হিসেবে বেসরকারি বিনিয়োগের সুযোগ রাখা হবে। তার দাবি, এর মাধ্যমে প্রায় ৪২০ কোটি ডলার তোলা সম্ভব হবে, যা ‘বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নকে আরও গতিশীল করবে।’

তবে ঘোষণার পরই বিশ্বের বিভিন্ন ফুটবল সংগঠন ও রাজনীতিকদের কাছ থেকে এ প্রস্তাবের সমালোচনা শুরু হয়। ফিফা এ পরিকল্পনা থেকে না সরে এলে তাদের আয়োজিত প্রতিযোগিতা বয়কটের হুমকিও দেয় উয়েফা। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]