প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৯ এএম
(ভিজিট : ১৮)
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকার সতীশ বাবু লেনে প্রকাশ্যে এক রিকশাযাত্রীর ওপর দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছুরি দেখিয়ে টাকাপয়সা ও মুঠোফোন লুটে নেওয়ার পাশাপাশি পকেটে থাকা জিনিস বের করতে না পেরে ছুরি দিয়ে পকেট কেটে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিও চিত্রে দেখা যায়, দুই ছিনতাইকারী এক রিকশাযাত্রীকে ঘিরে ধরে তাঁর সঙ্গে থাকা মালামাল কেড়ে নিচ্ছে। ওই যাত্রী বাধা না দিয়ে ‘আরে ভাই, দিতাছি তো’ বললেও প্যান্টের ডান পকেট থেকে কোনো একটি জিনিস বের করতে দেরি হওয়ায় এক ছিনতাইকারী প্রথমে তাঁর বাঁ পায়ে ছুরিকাঘাত করে। এরপর পকেটের ভেতর হাত না ঢুকে ছিনতাইকারী সরাসরি ছুরি চালিয়ে প্যান্ট কেটে ভেতরের মালামাল হাতিয়ে নেয়। অন্য ছিনতাইকারী তখন যাত্রীর দিকে ছুরি উঁচিয়ে ভয় দেখাচ্ছিল।
ঘটনার সময় স্থানীয় ভবনগুলোর বাসিন্দারা উপর থেকে চিৎকার করে ধাওয়া দিলে ছিনতাইকারীরা তড়িঘড়ি করে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে এলাকা ছাড়ে। স্থানীয়দের মতে ঘটনাটি শনিবার ভোরে ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু যায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী কেউ থানায় লিখিত অভিযোগ জানাননি। ঘটনাটির স্থান ও সময় যাচাই করার পাশাপাশি এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং অপরাধীদের শনাক্তে কাজ চলছে।