শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সংগীতানুষ্ঠান
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৬:০২ পিএম  (ভিজিট : ১৪)
দীর্ঘ এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে পারিবারিক কাজে অবস্থান শেষে দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। আজ (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে তাঁর বহুল প্রতীক্ষিত একক সংগীতানুষ্ঠান।

ছয় দশকেরও বেশি সময়ের গৌরবময় সংগীতজীবনে অসংখ্য মঞ্চে গান গাইলেও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এটিই হতে যাচ্ছে রুনা লায়লার প্রথম একক পরিবেশনা। 

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে তিনি তাঁর ৬২ বছরের সংগীতজীবনের বিভিন্ন সময়ের শ্রোতাপ্রিয় ও কালজয়ী ১০টি গান পরিবেশন করবেন।

অনুষ্ঠানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রুনা লায়লা বলেন, ‘আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে।

৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।’
গান পরিবেশনের পাশাপাশি এদিন রুনা লায়লাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ বন্যাদুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।
এর আগে একই ধরনের বিশেষ আয়োজনের মাধ্যমে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকেও সম্মান জানিয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এদিকে ঢাকার এই আয়োজন শেষ করেই আন্তর্জাতিক ব্যস্ততায় ফিরবেন রুনা লায়লা। মাসের শেষ দিকে তাঁর অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে। সেখানে একাধিক সংগীতানুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসী বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য গান পরিবেশন করবেন তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]