সোমবার ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


গ্লাসগো কমনওয়েলথ গেমসে বাংলাদেশের ২২ সদস্যের দল
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৪:৫৩ পিএম  (ভিজিট : ২২)
স্কটল্যান্ডের গ্লাসগোতে আগামী ২৩ জুলাই থেকে ২ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম কমনওয়েলথ গেমস। এবারের আসরে বাংলাদেশ অংশ নিচ্ছে চারটি ডিসিপ্লিনে- অ্যাথলেটিক্স, সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিক্সে।

১৫ জন অ্যাথলেট ও সাতজন কর্মকর্তাসহ বাংলাদেশের ২২ সদস্যের দল অংশ নেবে এই বহুজাতিক ক্রীড়া আসরে। পদক জয়ের সম্ভাবনা সীমিত হলেও নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া, জাতীয় রেকর্ড ভাঙা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা সমুন্নত রাখাই তাদের প্রধান লক্ষ্য।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) তথ্য অনুযায়ী, অ্যাথলেটিক্সে অংশ নেবেন তিনজন পুরুষ ও দুজন নারী অ্যাথলেট। তাদের সঙ্গে থাকবেন দুজন কর্মকর্তা।

সব মিলিয়ে এই ডিসিপ্লিনে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য সংখ্যা সাত। সাঁতারে থাকছেন তিনজন পুরুষ ও একজন নারী সাঁতারু এবং দুজন কর্মকর্তাসহ মোট ছয়জন।

বক্সিংয়ে দুজন পুরুষ ও একজন নারী বক্সারের সঙ্গে থাকবেন দুজন কর্মকর্তা। মোট সদস্য পাঁচজন। অন্যদিকে জিমন্যাস্টিক্সে তিনজন পুরুষ ক্রীড়াবিদ ও একজন কর্মকর্তা নিয়ে চার সদস্যের দল অংশ নেবে।
সব মিলিয়ে বাংলাদেশের ১৫ জন অ্যাথলেটের মধ্যে ১১ জন পুরুষ ও চারজন নারী। তাদের সঙ্গে সাতজন কর্মকর্তা রয়েছেন। ফলে গ্লাসগো কমনওয়েলথ গেমসে বাংলাদেশের মোট প্রতিনিধিদলের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২২।

ব্যয় সংকোচনের কারণে এবারের গেমসে রাখা হয়েছে মাত্র ১০টি ডিসিপ্লিন। ফলে শুটিং ও আর্চারির মতো বাংলাদেশের সম্ভাবনাময় দুটি ইভেন্ট বাদ পড়েছে। এতে পদক সম্ভাবনা কিছুটা কমে গেলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না অ্যাথলেটরা। বরং নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দেখানোর প্রত্যয় নিয়েই প্রস্তুতি নিচ্ছেন তারা।
অ্যাথলেটদের ভাষ্য, কমনওয়েলথ গেমসের মতো বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করাই বড় প্রেরণা। তাদের লক্ষ্য ব্যক্তিগত সেরা পারফরম্যান্স অর্জন ও জাতীয় রেকর্ড স্পর্শ করা।

অ্যাথলেট নাজমুল হোসাইন রনি বলেন, পদক জয় কঠিন হলেও আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। জাতীয় রেকর্ড ভাঙতে পারলে সেটাও বাংলাদেশের জন্য বড় অর্জন হবে।

আরেক ক্রীড়াবিদ জানান, বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হলেও এবার সেই স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি।

বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তারের মতে, আন্তর্জাতিক মানের সাফল্য পেতে শুধু অনুশীলন যথেষ্ট নয়, প্রয়োজন সমন্বিত ক্রীড়া অবকাঠামো ও বৈজ্ঞানিক সহায়তা।

তিনি বলেন, আমরা মাঠে শতভাগ পরিশ্রম করি। কিন্তু উন্নত পুষ্টি, পুনর্বাসন ব্যবস্থা, ক্রীড়াবিজ্ঞানভিত্তিক সহায়তা এবং আধুনিক প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করা গেলে আমাদের পারফরম্যান্স আরও উন্নত হবে। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে এসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা মনে করেন, আন্তর্জাতিক আসরে ধারাবাহিক সাফল্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিকল্প নেই।

তিনি বলেন, মাত্র দুই-তিন মাসের প্রস্তুতি নিয়ে বড় আসরে ভালো ফল আশা করা বাস্তবসম্মত নয়। সারা বছরব্যাপী প্রশিক্ষণ, তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করা এবং শক্তিশালী অ্যাথলেট পাইপলাইন গড়ে তুলতে হবে। বিশ্বের শীর্ষ দেশগুলো পদক জয়ের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেয়। আর আমরা এখনও অংশগ্রহণ ও অভিজ্ঞতা অর্জনের মানসিকতা থেকে পুরোপুরি বের হতে পারিনি। এই অবস্থার পরিবর্তনে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা বাস্তবায়ন জরুরি।

গ্লাসগোর মঞ্চে নামার অপেক্ষায় এখন বাংলাদেশের ১৫ অ্যাথলেট। পদক জয় হোক বা না হোক, নিজেদের সীমা অতিক্রম করে নতুন সম্ভাবনার বার্তা দিতে দৃঢ়প্রতিজ্ঞ লাল-সবুজের প্রতিনিধিরা। কমনওয়েলথ গেমসের মতো মর্যাদাপূর্ণ আসরে তাদের এই অংশগ্রহণ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য নতুন অভিজ্ঞতা ও ভবিষ্যতের সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]