রবিবার ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


২৭ ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা, তিন মাসের মধ্যে নির্বাচনের শর্ত
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৪:৩৮ পিএম  (ভিজিট : ১২)
দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে নবগঠিত এসব কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গনে বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত অ্যাডহক কমিটিগুলো বিলুপ্ত করে নতুন কমিটি গঠন শুরু করেছে। প্রথম ধাপে একযোগে ২৭টি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।

এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত কমিটিগুলোকে দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশ দিলেও বিভিন্ন জটিলতায় তা বাস্তবায়ন হয়নি। নতুন সরকার এবার পুরোনো কমিটি বাতিল করে নতুনদের দায়িত্ব দেওয়ার পাশাপাশি নবগঠিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সুনির্দিষ্ট নির্দেশনা  দিয়েছে।

তবে এত স্বল্প সময়ের জন্য ২৭ থেকে ২৯ সদস্যবিশিষ্ট বড় আকারের অ্যাডহক কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। অতীতেও তিন মাসের জন্য গঠিত অনেক অ্যাডহক কমিটি বছরের পর বছর দায়িত্বে বহাল থাকার নজির রয়েছে।

ঘোষিত কমিটিগুলোতে আর্চারি, উশু, অ্যাথলেটিকস, বক্সিং, রেসলিং, কাবাডি, কারাতে, ক্যারম, খো খো, জিমন্যাস্টিকস, জুডো, টেনিস, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, দাবা, ফেন্সিং, ব্যাডমিন্টন, ভলিবল, ভারোত্তোলন, মহিলা ক্রীড়া সংস্থা, রাগবি, রোয়িং, শুটিং, সাইক্লিং, সাঁতার, হকি ও হ্যান্ডবল ফেডারেশন অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। সাধারণ সম্পাদক হয়েছেন এসএ গেমসে পদকজয়ী সাবেক আর্চার ও ব্যবসায়ী সৈয়দ তানভীর রায়হান।

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপনকে। সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। দুজনই অতীতে একই দায়িত্ব পালন করেছেন।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার। শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। সাবেক শুটার শারমিন আক্তার রত্না মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক হয়েছেন। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত কিংবদন্তি খেলোয়াড় আবদুস সাদেকের ছেলে ইশতিয়াক সাদেক। ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আব্দুল মুমিন সাদ্দাম।

এ ছাড়া ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক ভারোত্তোলক এস এম কাজল, ব্যাডমিন্টনে হাসিবুর রহমান শাকিল, টেবিল টেনিসে সাইদুল হক সাদী, সাইক্লিংয়ে পারভেজ হাসান, জুডোতে নয়না চৌধুরী এবং তায়কোয়ান্দোতে মাহমুদুল ইসলাম রানা।

অন্যদিকে কয়েকটি ফেডারেশনে আগের কর্মকর্তাদের দায়িত্ব বহাল রাখা হয়েছে। মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে সালাউদ্দিন আহমেদ, জিমন্যাস্টিকস ফেডারেশনে হাবিবুর রহমান এবং বক্সিং ফেডারেশনে এম এ কুদ্দুস খান দায়িত্বে বহাল রয়েছেন। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]