রবিবার ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ত্রিশালের ২২ বিসিএস ক্যাডারকে প্রেসক্লাবের সংবর্ধনা: ‘যোগ্য নেতৃত্ব ও সততার সঙ্গে দেশসেবার আহ্বান’
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৫৯ পিএম  (ভিজিট : ৪৩)
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৪৫তম থেকে ৪৯তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে উত্তীর্ণ ২২ জন কৃতীকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ত্রিশাল প্রেসক্লাব। উপজেলার মেধাবী তরুণদের এ সাফল্যকে উদযাপন এবং আগামী প্রজন্মকে বিসিএসসহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় উৎসাহিত করতেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।

শনিবার (১৮ জুলাই) দুপুরে ত্রিশাল কমিউনিটি সেন্টার (টিসিসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান লিটন। তিনি বলেন, “বিসিএসে উত্তীর্ণরা শুধু নিজেদের নয়, ত্রিশালেরও গর্ব। সততা, দক্ষতা ও দেশপ্রেমকে ধারণ করে জনগণের কল্যাণে কাজ করলেই এই অর্জনের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হবে।”

ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, ত্রিশাল সমিতি ময়মনসিংহের সভাপতি অধ্যাপক ডা. মো. মতিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান এবং ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ।

বক্তারা বলেন, ত্রিশালের মেধাবী শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন। এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, পুরো উপজেলার জন্য গৌরবের। এমন উদ্যোগ নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা ও সরকারি গুরুত্বপূর্ণ সেবায় অংশ নিতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানের শেষে ৪৫তম থেকে ৪৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২২ জনকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]